https://www.prothomalony.com/

12653

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব উর্ধ্বমুখী: শিশুদের টিকা দেওয়ার আহ্বান কর্তৃপক্ষের

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ ০৩:৫৬

দা স্টেট ডিপার্টমেন্ট অব হেলথ নিউইয়র্কের শিশুদের যথাসময়ে হামের টিকা দেয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কারণ যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংস্থাটি গত বৃহস্পতিবার এ সম্পর্কিত একটি স্বাস্থ্য পরামর্শ জারি করে উল্লেখ করেছে যে, এই শ্বাসতন্ত্রজনিত রোগের বিরুদ্ধে স্টেটগুলোতে টিকাদানের হার এখনও সম্প্রদায়কে সুরক্ষিত রাখার প্রয়োজনের তুলনায় নিন্মস্তরে রয়েছে। টেক্সাসে হাম প্রাদুর্ভাবে এক শিশু মারা যাওয়ার একদিন পর এই সতর্কতা আসে। এটিই ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে হামজনিত প্রথম মৃত্যু।

নিউ জার্সির বার্গেন কাউন্টিতে আরেকজন টিকা না দেওয়া শিশু হাম আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়ার পর, স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করেছেন যে, ওই শিশুর পরিবারের আরো দুইজন সদস্য, যারা টিকা নেয়নি, তারাও হাম রোগে আক্রান্ত। ডিপার্টমেন্ট জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত নিউইয়র্ক স্টেটে হাম আক্রান্ত দুটি ঘটনা শনাক্ত হয়েছে, যা নিউইয়র্ক সিটিতে রিপোর্ট করা হয়েছে। 

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শহরে শনাক্ত হওয়া দুটি হাম আক্রান্তের ঘটনা সম্পর্কহীন। তবে উভয়ই ১২ মাসের কম বয়সী শিশুদের মধ্যে ঘটেছে, যারা এখনও হাম টিকার জন্য যোগ্য নয়। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, আক্রান্তদের একজন জানুয়ারিতে হাম রোগে সংক্রমিত হয়েছিল এবং এখন সুস্থ হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে, নিউ মেক্সিকো এবং কানাডাতেও হাম আক্রান্তের সংখ্যা ও হাসপাতালে ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য ও মানবসেবা সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র যদিও গত বুধবারের মন্ত্রিসভা বৈঠকে হাম আক্রান্তের সংখ্যা বৃদ্ধি নিয়ে বলেছেন, 'এ বছর এখন পর্যন্ত চারটি হাম প্রাদুর্ভাব হয়েছে। গত বছর ১৬টি ছিল, তাই এটি অস্বাভাবিক কিছু নয়।' তবে টেক্সাস চিলড্রেনস হসপিটালের সেন্টার ফর ভ্যাকসিন ডেভেলপমেন্টের ড. পিটার হোটেজ বলেন, '২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে হাম আক্রান্তের সংখ্যা চার গুণ বেড়েছে। গত বছর ১৬টি প্রাদুর্ভাব হয়েছিল, তার আগের বছর ছিল চারটি। কিন্তু এই বছর মাত্র এক মাস পার হওয়ার মধ্যেই ইতোমধ্যে চারটি ঘটনা ঘটেছে, যা ইঙ্গিত দিচ্ছে যে সংক্রমণের হার আরও বৃদ্ধি পাবে।'

হামের ভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায়। যখন আক্রান্ত ব্যক্তি শ্বাস নেয়, হাঁচি বা কাশি দেয়, তখন এটি অন্যদের সংক্রমিত করতে পারে। শিশুদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। হাম প্রথমে শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়, এরপর সারা শরীরে ছড়িয়ে পড়ে। সাধারণত উচ্চ জ্বর, সর্দি, কাশি, লালচে পানিযুক্ত চোখ এবং ত্বকে র‍্যাশ হয়। লক্ষণ শুরু হওয়ার তিন থেকে পাঁচ দিন পর লালচে ফ্ল্যাট র‍্যাশ প্রথমে মুখে দেখা যায়, তারপর ধীরে ধীরে গলা, বুক, হাত-পা ও পায়ের পাতায় ছড়িয়ে পড়ে। র‍্যাশ দেখা দেওয়ার সময় জ্বর ১০৪° ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।

নিউইয়র্কের স্বাস্থ্য কমিশনার ড. জেমস ম্যাকডোনাল্ড জানান, হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দিতে পারে, যা নিউমোনিয়ার মতো সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তিনি সবাইকে হাম, মাম্পস ও রুবেলা টিকা নেওয়ার পরামর্শ দেন এবং শিশুদের দুটি ডোজ টিকা দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। সাধারণত, প্রথম ডোজ ১২-১৫ মাসে এবং দ্বিতীয় ডোজ ৪-৬ বছরে দেওয়া হয়। তবে, প্রথম ডোজের এক মাস পরেও দ্বিতীয় ডোজ নেওয়া যেতে পারে। 

স্টেটে ২ বছর বয়সী শিশুদের মধ্যে হাম টিকার হার প্রয়োজনীয় মাত্রার চেয়ে কম, যা সমাজকে সুরক্ষিত রাখতে বাধা সৃষ্টি করছে। গোষ্ঠীগত সুরক্ষা পেতে হলে অন্তত ৯৫% মানুষকে দুই ডোজ টিকা নিতে হবে।

হাম সাধারণত মারণঘাতী নয়, তবে জটিলতা সৃষ্টি করতে পারে, যেমন কানে সংক্রমণ, ডায়রিয়া ও নিউমোনিয়া। টিকা না নেওয়া প্রতি ৫ জনের ১ জনকে হাসপাতালে ভর্তি হতে হয়। গর্ভবতী নারীদের ক্ষেত্রে হাম অকাল প্রসব বা কম ওজনের শিশুর জন্মের কারণ হতে পারে। শিশুদের মধ্যে, প্রতি ২০ জন আক্রান্তের ১ জন নিউমোনিয়ায় ভোগে, এবং প্রতি ১,০০০ জনের ১ জন মস্তিষ্কের প্রদাহে (এনসেফালাইটিস) আক্রান্ত হয়, যা খিঁচুনি, বধিরতা বা বুদ্ধিবিকাশজনিত সমস্যার কারণ হতে পারে।

ডা. জেমস ম্যাকডোনাল্ড এবং সিটির মেয়র এরিক অ্যাডামস উভয়েই সবাইকে হাম থেকে রক্ষা পেতে উপযুক্ত টিকা নেয়ার পরামর্শ দেন। নিউইয়র্ক মেডিকেল কলেজের ডিন ডা. রবার্ট অ্যামলার জানান, এই টিকা অত্যন্ত কার্যকর এবং নিরাপদ। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন