https://www.prothomalony.com/
12403
north-america
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২৫ ০৪:০১
রোহিঙ্গা সংকট মোকাবেলায় অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। গত ৭ ফেব্রুয়ারি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকারবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাতে তিনি ওই সমর্থনের কথা জানান।
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন জানায়, মায়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্য সংখ্যালঘুদের বিষয়ে জাতিসংঘের আসন্ন আন্তর্জাতিক সম্মেলন নিয়ে আলোচনা করতে ড. খলিলুর রহমান গত শুক্রবার জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।
খলিলুর রহমান আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ রোহিঙ্গা ইস্যুর টেকসই সমাধানের জন্য জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের গুরুত্ব তুলে ধরেন। তিনি এই ইস্যুর দ্রুত ও টেকসই সমাধানের জন্য সম্মেলন যাতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে, তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সংগঠিত করার জন্য মহাসচিবকে অনুরোধ জানান।
বৈঠকে ড. খলিলুর রহমান রাখাইন রাজ্যের গুরুতর মানবিক পরিস্থিতির কথাও তুলে ধরেন। তিনি সতর্ক করে দেন, আসন্ন দুর্ভিক্ষ পরিস্থিতি সংঘাত বিধ্বস্ত রাষ্ট্রকে আরো অস্থিতিশীল করে তুলবে।
তিনি মানবিক পরিস্থিতির আরো অবনতি রোধ, জীবিকা পুনরায় চালু করা এবং এই প্রক্রিয়ায় বাংলাদেশে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের রাখাইনে স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য সক্ষম পরিবেশ তৈরিতে রাষ্ট্রটিতে জাতিসংঘের নেতৃত্বে গৃহীত উদ্যোগগুলোকে সমর্থনের বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করতে আগ্রহ প্রকাশ করেন।
ড. খলিলুর রহমান তহবিল পরিস্থিতির অবনতির দিকে জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি ত্রাণদাতা ও গ্রহীতাদের অবাধ প্রবেশাধিকার এবং সহিংসতা, ভয়ভীতি, বৈষম্য ও বাস্তুচ্যুতি থেকে মুক্ত এবং বিমান হামলা ও বোমা হামলা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন