https://www.prothomalony.com/
12361
north-america
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ০২:০০
ব্যবসা-বিনিয়োগে স্থবিরতা ও সামাজিক অস্থিরতা দূর করতে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত ১ ফেব্রুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল স্মরণসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, দেশের ব্যবসায়ী সমাজ ও বিদেশি বিনিয়োগকারীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় আছেন। তারা জানেন না কবে নাগাদ জনগণের ম্যান্ডেট নিয়ে নতুন সরকার আসবে। এ কারণে বিনিয়োগকারীরা সতর্কতা অবলম্বন করছেন এবং বিনিয়োগ স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ ১৫ বছর জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, যার ফলে সরকার পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়েছে। গত বছরের জুলাই মাসে ছাত্র-গণ আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হলে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলন জোরালো হয়, যা দেশের স্থিতিশীলতাকে নড়বড়ে করে তুলেছে।

তিনি বলেন, দেশের রাজনৈতিক সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে বিএনপি কাজ করে আসছে। বিএনপি প্রথমে ২৯ দফা এবং পরে ৩১ দফার একটি প্রস্তাবনা দিয়েছে, যেখানে প্রধানমন্ত্রী দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না। এছাড়া, রাজনীতির বাইরের বিভিন্ন পেশার মানুষ, যেমন ডাক্তার, প্রকৌশলী বা কৃষিজীবীদের জন্য সংসদে প্রতিনিধিত্বের সুযোগ সৃষ্টি করার প্রস্তাবও রাখা হয়েছে।

তারেক রহমান আরও বলেন, ব্রিটেনসহ ইউরোপ-আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থা বারবার সংস্কারের মধ্য দিয়ে আজকের পর্যায়ে এসেছে। বাংলাদেশের ক্ষেত্রেও একইভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে। বর্তমান রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা নিরসনে দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, গত ১৭ বছরে বিএনপির বহু নেতা-কর্মী গুম ও খুন হয়েছেন, অসংখ্য মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। স্বৈরাচারী সরকার টিকে থাকতে গিয়ে সমাজে বৈষম্য বাড়িয়ে তুলেছে। ছাত্র-গণ আন্দোলনের মাধ্যমে জনগণের প্রতিরোধের মুখে অবশেষে স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, তবে এখনো স্থিতিশীল পরিস্থিতি ফেরেনি।

স্মরণসভায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম শহীদ জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তিনি দেশ গঠনে ১৯ দফা দিয়েছিলেন, আর বিএনপির বর্তমান ৩১ দফার সংস্কার প্রস্তাব তারই ধারাবাহিকতা। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ক্ষমতাসীনদের দুর্নীতি এখন আন্তর্জাতিকভাবে প্রকাশিত হচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যাপক অর্থপাচারের অভিযোগ উঠেছে, যা বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।

স্মরণসভায় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনের সঞ্চালনায় বিভিন্ন মহাদেশের বিএনপি নেতারা অংশ নেন। সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।






উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন