https://www.prothomalony.com/

12190

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্পের অভিষেক ঘিরে ওয়াশিংটনে বিক্ষোভ

প্রকাশ: ১৯ জানুয়ারী ২০২৫ ০৭:১৯


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে গতকাল শনিবার ওয়াশিংটনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। নারী অধিকার, জাতিগত ন্যায়বিচার এবং পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন ইস্যুতে সোচ্চার বিভিন্ন গোষ্ঠীর সদস্যরা এই প্রতিবাদে অংশ নেন।

‘পিপলস মার্চ’ নামে পরিচিত এবারের প্রতিবাদে আয়োজকেরা প্রায় ৫০ হাজার মানুষের অংশগ্রহণের আশা করলেও স্থানীয় পুলিশের হিসেবে এই সংখ্যা ছিল প্রায় ২৫ হাজার। বিক্ষোভকারীদের অনেকেই ২০১৭ সালে ট্রাম্পের প্রথম অভিষেকের সময়কার গোলাপি টুপি পরে প্রতিবাদে অংশ নেন। তখনকার প্রতিবাদকে ‘উইমেন মার্চ’ বলা হয়েছিল, যা ট্রাম্পের নীতির বিরুদ্ধে এক বৃহৎ আন্দোলনে পরিণত হয়েছিল। তবে এবারের প্রতিবাদ তুলনামূলকভাবে অনেকটা কম উপস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে তাঁদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে, তীব্র ঠান্ডা আবহাওয়ার কারণে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ঐতিহ্যবাহী খোলা স্থানের পরিবর্তে কংগ্রেস ভবনের রোটুন্ডায় আয়োজন করা হচ্ছে। সর্বশেষ ৪০ বছর আগে রোনাল্ড রিগ্যানের শপথগ্রহণ অনুষ্ঠানে একই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল।

ট্রাম্প ২০১৬ সালে প্রথমবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন। তখন তিনি প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে থাকা ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেন। এবারও তিনি ডেমোক্র্যাট দলের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসছেন।

অভিষেকের প্রথম দিনেই ট্রাম্প অভিবাসন আইনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। এ নিয়ে তাঁর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও সমালোচকদের উদ্বেগ বাড়ছে। ট্রাম্পবিরোধী আন্দোলনকারীরা ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ ছাড়াও দেশজুড়ে আরও ৩০০টি প্রতিবাদ কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করেছেন। নাগরিক অধিকার, পরিবেশ সংরক্ষণ এবং প্রজনন অধিকার গোষ্ঠীগুলো এসব কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন