https://www.prothomalony.com/
12148
north-america
গাজার সংঘাতে মোহাম্মদ আল-তালমাস নামে আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ১৩ জানুয়ারি সোমবার গুরুতর আহত অবস্থায় প্রাণ হারিয়েছেন। গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে আহত হন তিনি।
সাংবাদিকদের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে গাজার সরকারি মিডিয়া অফিস। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে হামলার ঘটনায় ২০৪ সাংবাদিক নিহত হয়েছেন।
আল-তালমাস বার্তা সংস্থা সাফার সাংবাদিক ছিলেন। তিনি গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে।
টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়েছে, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট, ফেডারেশন অব আরব জার্নালিস্ট এবং বিশ্বের সব দেশের সব সাংবাদিক সংস্থাকে গাজা উপত্যকায় ফিলিস্তিনি সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এ ধরনের হামলা ও হত্যাকাণ্ডের বিচার চাই।
এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা বেশ এগিয়েছে। কাতারের আমিরের সঙ্গে বৈঠকের পর এক বিবৃতিতে হামাসের একটি প্রতিনিধি দল জানিয়েছে, গাজা যুদ্ধবিরতির আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে। তবে একদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে অপরদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী।
বেশ কিছু মেডিক্যাল সূত্র জানিয়েছে, ১৩ জানুয়ারি সোমবার ভোর থেকে ১৪ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত কমপক্ষে ৭০ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ১৪ জানুয়ারী মঙ্গলবার ১২ জন প্রাণ হারিয়েছে। ইসরায়েলি বাহিনীর উত্তর গাজা অবরোধ করার শততম দিন পার হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল।
এক বছরের বেশি সময় ধরে গাজায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সেখানে এখন পর্যন্ত কমপক্ষে ৪৬ হাজার ৫৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৯ হাজার ৭৩১ জন। প্রতিদিনই ইসরায়েলি হামলায় প্রান হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন