https://www.prothomalony.com/

11945

north-america

উত্তর আমেরিকা

মিয়ানমারে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪ উদযাপন

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪ ০১:৩৮

মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস প্রথম বারের মত চারজন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীকে ‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ দিয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) দূতাবাসে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উদযাপনকালে রাষ্ট্রদূত মোঃ মনোয়ার হোসেন এই অনুদান হস্তান্তর করেন।

নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশী নাগরিকদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে অবহিতকরন এবং দুই দেশের মানুষের মাঝে সুসম্পর্ক বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে রাষ্ট্রদূত এই অনুদান কার্যক্রম চালু করেন। এর আওতায় বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষা/গবেষণা কাজে বাংলাদেশ অথবা মিয়ানমারের অভ্যন্তরে ভ্রমণ-ব্যয় বহন করে থাকে।  

‘আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস ২০২৪’ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মিয়ানমারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে ‘মতবিনিময়’ সভার আয়োজন করে। অনুষ্ঠানে ছিল রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রবাসী কল্যাণ বিষয়ক উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ, প্রবাসীদের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ।

 
মো. মনোয়ার হোসেন মুক্তিযুদ্ধের সব বীর ও জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদ সব নাগরিকের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রশংসা করেন।

মো. মনোয়ার হোসেন সংযুক্ত আরব আমিরাত থেকে দন্ডপ্রাপ্ত ১৮৮ জন বাংলাদেশিকে ফেরত আনা, যুদ্ধে আক্রান্ত লেবানন প্রবাসীদের সরকারি খরচে দেশে ফেরত আনা, ঢাকায় বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ স্থাপনসহ প্রবাসীদের কল্যাণে দেশে এবং বিদেশে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

রাষ্ট্রদূত দেশে বিনিয়োগ বৃদ্ধি ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সকলের একসাথে কাজ করার উপর জোর দেন।

‘রাষ্ট্রদূত ভ্রমণ অনুদান’ সম্পর্কে মনোয়ার হোসেন বলেন, ‘প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশুদেরকে বাংলাদেশ সম্পর্কে জানতে আরো আগ্রহী করার প্রয়াস থেকেই এই উদ্যোগ নেয়া হয়েছে।’

মিয়ানমারে বসবাসরত প্রবাসীরা রাষ্ট্রদূতের এই উদ্যোগের সফল বাস্তবায়নে ব্যাপক প্রশংসা করেন।  

মিয়ানমারে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ী, জাতিসংঘ-আন্তর্জাতিক সংস্থাস ও বহুজাতিক কোম্পানীতে কর্মরত বাংলাদেশী নাগরিকসহ বাংলাদেশ কম্যুউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন