https://www.prothomalony.com/

11804

north-america

উত্তর আমেরিকা

বন্যার্তদের জন্য আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের ২২ লাখ টাকার অর্থ সহায়তা

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ ০২:৩২

বাংলাদেশের বন্যার্তদের জন্য ২২ লাখ টাকার অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)। এই অর্থ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা হবে। 

সোমবার (৯ ডিসেম্বর) বিকালে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কার্যালয়ে কনসাল জেনারেল নাজমুল হুদার কাছে ২২ লাখ টাকার প্রতীকি চেক হস্তান্তর করা হয়। 

কনসাল জেনারেলের হাতে চেক তুলে দেন বাংলাদেশি আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের (বাপা) প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক।

বাপার মিডিয়া লিয়াজোঁ ডিটেকটিভ জামিল সারোয়ারের পরিচালনায় চেক হস্তান্তরের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপার সাবেক সভাপতি লেফটেন্যান্ট সৈয়দ সুমন সাবেক সভাপতি লেফটেন্যান্ট শামসুল হক, বাপার ট্রেজারার সার্জেন্ট মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর সার্জেন্ট মুরাদ আহমেদ, কো ট্রেজারার অফিসার জসীম মিয়া, করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি পুলিশ ক্যাপ্টেন সৈয়দ এনায়েত আলী, অফিসার জুয়েল গাজী এবং অফিসার নিয়ন চৌধুরী। 

বাংলাদেশের বন্যার্তদের মানুষের সাহায্যে এগিয়ে আসার জন্য বাপার কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে কনসাল জেনারেল নাজমুল হুদা বলেন, বাংলাদেশের এই বন্যায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন এবং এখনও করে যাচ্ছেন। 

বাপার প্রেসিডেন্ট সার্জেন্ট এরশাদ সিদ্দিকী বলেন, আমরা যদিও প্রবাসে থাকি তবুও আমাদের প্রাণ পড়ে থাকে প্রিয় জন্মভূমিতে। তাছাড়া দেশের প্রতি আমাদের ঋণও রয়েছে। সেই কারণে আমরা বাংলাদেশের বন্যায় আক্রান্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। 

তিনি আরও বলেন, বাংলাদেশি আমেরিকান পুলিশের অ্যাসোসিয়েশনের মেম্বাররা যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে না আসতো তাহলে আমাদের পক্ষে এইভাবে সাহায্য করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই


এটা সম্ভব হয়েছে। আমার বিশ্বাস এইভাবে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারবো। 

তিনি বলেন, বাংলাদেশ পুলিশকে আরও অত্যাধুনিক করতে  আমাদের অভিজ্ঞতা বাংলাদেশ পুলিশের সাথে শেয়ার করতে চাই। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন সবসময় বাংলাদেশ পুলিশকে সাহায্য করার জন্য পাশে থাকবেন।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডিটেকটিভ রাসেকুর মালিক বলেন, আমরা সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছি এবং থাকবো।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন