https://www.prothomalony.com/
11737
north-america
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৪ ০২:০৯
বাংলাদেশ সোসাইটির পরাজিত প্রার্থীদের কৃতজ্ঞতা প্রকাশ ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সোমবার নিউইয়র্কের কুইন্স প্যালেস পার্টি সেন্টারে ভিন্নধর্মী এ আয়োজন করে সোসাইটির নির্বাচনে বিজীত প্রার্থীরা। বিগত সময়ে রুহুল-জাহিদ প্যানেলের প্রতি আস্থা রাখায় এবং সোসাইটি পরিচালনায় সর্বাত্বক সহযোগিতা করায় বাংলাদেশ সোসাইটির সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। এবারের নির্বাচনে বিজয়ী না হলেও ভবিষ্যতে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ সমিতির অগ্রযাত্রায় কাজ করে যাওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়।
বিজীত প্যানেলের সভাপতি প্রার্থী রুহুল আমিন সিদ্দিকী বলেন, নির্বাচনকালীন দুই মাস সময়সহ নির্বাচনের দিন পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা আমাদের জন্য নিরলস শ্রম দিয়েছেন। এ ঋণ শোধ হওয়ার নয়।
বিজীত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী জাহিদ মিন্টু বলেন, বাংলাদেশী কমিউনিটির কল্যাণে আমরা অতীতেও কাজ করেছি, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বিগত সময়ে যারা আমাদের প্রতি আস্থা রেখেছেন, আমাদের সহযোগিতা করেছেন সে আপনারা নতুন কমিটিরও পাশে থাকবেন, নতুন কমিটিকেও সহযোগিতা করবেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচন হলো একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। নির্বাচনের মাধ্যমে যেই জিতুক তাকে মেনে নেয়ার এবং অভিনন্দন জানানোর মনোভাব সবার মাঝেই থাকা উচিত। সকল ভেদাভেদ ভুলে সম্মিলিতভাবে সোসাইটির জন্য সকলকে নিবেদিত হওয়ারও আহবান জানান তারা।
বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হওয়া রুহুল-জাহিদ প্যানেল কৃতজ্ঞতা জ্ঞাপন পর্ব শেষে এক নৈশভোজের আয়োজন করেন। উপস্থিত সকলে এ নৈশভোজে অংশ নেন।
রুহুল জাহিদ প্যানেল আয়োজিত এ কৃতজ্ঞতা ও নৈশভোজ অনুষ্ঠানে বাংলাদেশ সোসাইটির নবনির্বাচিত কমিটির সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে প্যানেলের অন্যন্য সদস্যরাও অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্পূর্ত এ অংশগ্রহণ কমিউনিটির উন্নয়নে ও সুদৃঢ় ভাতৃত্ববোধ রক্ষায় অসামান্য ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন নেতৃবৃন্দরা।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন