https://www.prothomalony.com/

11607

north-america

উত্তর আমেরিকা

বাংলাদেশি মেয়ে শাবনাজ প্রিয়তার অকাল মৃত্যু

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ ০৩:৪৫

আমেরিকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী মেয়ে শাবনাজ জামান প্রিয়তার আকস্মিক মৃত্যু ঘটেছে। শাবনাজ প্রিয়তা বসবাস করতেন নর্থ ক্যারোলাইনায়। শনিবার ১৬ নভেম্বর বান্ধবীদের সাথে বেড়াতে যান। এরপর রাতে বান্ধবীর বাসায় অবস্থান করছিলেন। সেখানেই তার মৃত‍্যু হয়। 

ঘটনার সূত্রে জানা যায়, সেদিন রাতে বান্ধবীর বাসায় থাকা অবস্থায় প্রিয়তা তার স্বামী পার্কারকে ফোন করে জানান যে, তিনি সুস্থ‍বোধ করছেন না। এ কথা শোনার পর পার্কার তাকে বলেন, বেশি খারাপ লাগলে যেন একা ড্রাইভ না করেন। বরং বান্ধবীর বাসায় যেন অবস্থান করেন এবং দরকার হলে ৯১১ কল দিতে বলেন। এরপর প্রিয়তা সেখানেই থেকে যান। একপর্যায়ে বাথরুম ব‍্যবহার করতে যান, কিন্তু অনেকটা সময়ের পরও তার ফিরে না আসায় বান্ধবীদের সন্দেহ হয় এবং তারা দরজায় নক করেন। বেশ কয়েকবার দরজায় নক করার পরও যখন কোনো সাড়া মেলেনি, তখন তারা ৯১১ কল করেন। পুলিশ এসে দরজা ভেঙে প্রিয়তাকে উদ্ধার করেন। সে সময় প্রিয়তা অচেতন অবস্থায় মেঝেতে পড়ে ছিলেন। 

হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত বলে ঘোষণা করা হয়। মৃত্যুর কারণ হিসেবে কার্ডিয়াক হার্ট অ্যাটাক বলা হয়। হাসপাতাল এবং পুলিশের সব রকম অফিশিয়াল কাজ শেষে প্রিয়তার মৃতদেহ নিউইয়র্কে অবস্থানরত তার মা স্কুল শিক্ষিকা নাসিমা জাহান শাবানার কাছে আনা হয়।

১৯ নভেম্বর বাদ মাগরিব জামাইকা মুসলিম সেন্টারে প্রিয়তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরদিন সকালে তাকে ওয়াশিংটন মেমোরিয়াল পার্ক কবরস্থানে সমাহিত করা হবে বলে জানা যায়।  কাজের দিন থাকা সত্ত্বেও প্রিয়তার জানাজায় বিপুল লোকের উপস্থিতি লক্ষ্য করা যায়। 

প্রিয়তার মা নাসিমা জাহান শাবানা এবং বাবা তানভীর জামান। প্রিয়তা তাদের একমাত্র সন্তান। সন্তান হারিয়ে প্রিয়তার মা পাগল প্রায়। প্রিয়তার স্বামী পার্কার আকুল হয়ে কাঁদছেন স্ত্রীর জন্য। পার্কার আমেরিকান এবং প্রিয়তা বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান। তাদের সংসার জীবন ছিল ছয় বছরের। প্রিয়তা এবং পার্কার দম্পতির কোন সন্তান ছিল না। তারা দুজনেই পশুপ্রেমিক ছিলেন। 

প্রিয়তার পরিবারের সকলেই তার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন এবং প্রিয়তার আত্মার মাগফেরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

প্রথম আলো উত্তর আমেরিকা পরিবারের সদস্য নাসিমা জাহান শাবানার কন্যার অকাল মৃত্যুতে প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরীসহ পত্রিকা সংস্লিষ্টরা শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন