https://www.prothomalony.com/
11321
north-america
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪ ০৬:৪২
আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। এ নির্বাচনে রুহুল-জাহিদ প্যানেলের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেলিম-আলী পরিষদ। এ প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে বাংলাদেশী কমিউনিটিতে কাজ করে আসা এ প্রার্থী জয়ের ব্যাপারে পূর্ণ আশাবাদ ব্যক্ত করেন ।তিনি বাংলাদেশ কমিউনিটির মূলধারায় ধর্মীয় ও ব্যবসায়িকসহ বিভিন্ন সংগঠন এবং নারী ও তরুণদের সাথে কমিউনিটি বোর্ডের সেতু বন্ধনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কাজ করছেন প্রবাসীদের জীবন ও সম্পদের সুরক্ষার জন্য, প্রবাসী সুরক্ষা আইন বাস্তবায়নের জন্যও। বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করা এ সাধারণ সম্পাদক প্রার্থী বলেন, আমি যেমন কমিউনিটির মানুষদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি, জনগণও আমার কাজের সে মূল্যায়ন করবে ব্যালটের মাধ্যমে।
মোহাম্মদ আলী বাংলাদেশ সোসাইটিতে টানা দুই বার কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা সমিতির সভাপতির। এর আগে একই সমিতিতে দুই বার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন তিনি। মোহাম্মদ আলী কমিউনিটি বোর্ড-১২’র কমিউনিটি বোর্ড মেম্বার ও এরিয়া চেয়ারপরসন হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্য। এছাড়াও দুস্থ ও মেধাবী শিশুদের উন্নয়নে দীর্ঘ ২৪ বছর ধরে কাজ করে আসছেন তিনি। নিউইয়র্কের লায়ন্স ক্লাবের নির্বাচনে চার বার নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেন মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী বলেন, নির্বাচন মানেই জয়-পরাজয়। একদল জিতবে একদল হারবে। নির্বাচনের মূল উদ্দেশ্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। নির্বাচনে জয় পরাজয় যাই হোক, আমরা অবশ্যই ফলাফল মেনে নিব। জয়ী হলেও বাংলাদেশ সোসাইটির জন্য কাজ করব, জয়ী না হলেও সোসাইটির জন্য কাজ করব। তবে যারা সচেতন নাগরিক তারা অবশ্যই সেলিম আলী পরিষদকে ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এসময় তিনি সোসাইটির সকল ভোটারদের ভোটকেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগেরও আহবান জানান।
বাংলাদেশ সোসাইটির বাদ দেয়া ৩০৭ ভোট পুনরায় বিবেচনা করে ঐসকল ভোটারদের ভোট দিতে সুযোগ করে দিতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান মোহাম্মদ আলী। একই সাথে ১৮ হাজার ৬১৩ ভোটের মধ্যকার ৫৮৯ ভোটকে অবৈধ ভোট আখ্যায়িত করে অবিলম্বে ভোটার তালিকা থেকে সে ভোটগুলো প্রত্যাহারের দাবিও জানান সেলিম-আলী প্যানেলের এ সাধারণ সম্পাদক প্রার্থী।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন