https://www.prothomalony.com/

10060

new-york

নিউইয়র্ক

আব্দুল কাদির নছর ই ন্তে কা ল করেছেন

প্রকাশ: ১৮ জুন ২০২৪ ১০:৩২

নিউইয়র্কে বাংলাদেশি জনসমাজের পরিচিত স্বজন আব্দুল কাদির নছর ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন)। ১৭ জুন সোমবার বিকেল পৌনে চারটার দিকে নিউইয়র্কের প্রেসপেটারিয়ান হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

'নছর ভাই' নামে পরিচিত এ প্রবাসী চার দশকের বেশি সময় থেকে নিউইয়র্কে বসবাস করছিলেন।আশির দশকের শুরুতে জার্মানী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন যুবক আব্দুল কাদির নছর। প্রবাসী হওয়ার আগে সিলেট শহরের লামাবাজারে বসবাস করতেন পরিবারের সাথে। নিউইয়র্কে এস্টোরিয়া এলাকায় বসবাস করা এ অকৃতদার প্রবাসী বর্ধিত পরিবারের সাথেই বসবাস করতেন। যুক্ত ছিলেন কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির গোড়াপত্তনের সময়টিতে জড়িত ছিলেন বিভিন্ন সাংগঠনিক কর্মকান্ডে। অভিবাসন জটিলতার কারণে তাঁর দেশে প্রত্যাবর্তন করা হয়ে উঠেনি। দীর্ঘদিন থেকে কিডিনি রোগে ভোগছিলেন। অন্যান্য শারীরিক জটিলতাও তাঁকে পেয়ে বসেছিল। নিউইয়র্ক প্রেসপেটেরিয়ান হাসপাতালে তিনি  চিকিৎসাধীন ছিলেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

১৮ জুন মঙ্গলবার জোহরের নামাজের পর ব্রংকসের পার্কচেস্টার জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে নিউজার্সির মরগানভিল সেমিট্রিতে তাঁকে সমাহিত করার কথা পারিবারিকভাবে জানানো হয়েছে। মরহুম আব্দুল কাদের নছর একজন বিনয়ী ও পরোপকারী মানুষ হিসেবে কমিউনিটিতে পরিচিত ছিলেন। দেশ ও স্বজনদের নিয়ে ইতিবাচক আলোচনায় মগ্ন থাকতেন সবসময়। মৃত্যুকালে মরহুমের বর্ধিত পরিবারের লোকজন পাশেই ছিলেন। তাঁর ভাই, এস্টোরিয়া নিবাসী মোহাম্মদ মছব্বির সবার কাছে মরহুমের আত্মার মাগফেরাত চেয়ে দোয়া কামনা করেছেন।

প্রথম আলো উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহীম চৌধুরী, লেখক সাংবাদিক রহমান মাবুব, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি মঈনুল হক চৌধুরী হেলাল, সাংবাদিক সৈয়দ মাসুদুল কবির, জনসংগঠক সৈয়দ উতবা, বীর মুক্তিযোদ্ধা শেখ আখতার উল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এবং যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কামান্ডার আব্দুল মুকিত চৌধুরীসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন আব্দুল কাদির নছরের মৃত্যুতে শোক ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন