https://www.prothomalony.com/
9872
north-america
প্রকাশ: ৩০ মে ২০২৪ ০৮:৪৩
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশ মানি মামলায় সমাপনী যুক্তিতর্ক উপস্থাপন করেছেন আইনজীবীরা। ২৮ মে মঙ্গলবার সকাল থেকে জুরিদের সামনে ট্রাম্পের আইনজীবীরা ১০ টি কারণ দেখান যে, কেন তারা ট্রাম্পকে দোষী মনে করেন না এবং তারা মাইকেল কোহেনকে ‘সেরা মিথ্যাবাদী’ বলে অভিহিত করেছেন। তবে প্রসিকিউটররা বলেছেন, হাশ মানির মাধ্যমে ২০১৬ সালের নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করেছেন ট্রাম্প।
মেমোরিয়াল ডে উইকএন্ডসহ দীর্ঘ এক সপ্তাহ বিরতির পর দুই পক্ষের আইনজীবীরা সমাপনী যুক্তিতর্ক আদালতের সামনে পেশ করেন। ট্রাম্প আদালত প্রাঙ্গনে প্রবেশের আগে একে আমেরিকার ইতিহাসের এক কলঙ্কিত দিন বলেও উল্লেখ করেন। এর আগে একজন দোষী সাব্যস্ত অপরাধী এবং স্বীকৃত মিথ্যাবাদী হিসেবে কোহেন এই মামলায় একজন সমস্যাপূর্ণ সাক্ষী বলে মামলাটি খারিজ করে দেয়ার অনুরোধ করেন ট্রাম্পের আইনজীবীরা। তবে সে অনুরোধে সাড়া দেননি বিচারক হুয়ান মারচান। যুক্তিতর্ক উপস্থাপনের দিনের শুরুতেও ট্রাম্পের আইনজীবীরা দাবি করেন, ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন সাক্ষ্য দেয়ার সময় অসংখ্য মিথ্যা কথা বলেছেন। ট্রাম্প নয়, কোহেনই পর্নোতারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১৩০ হাজার ডলার দিয়েছেন। তারা আরও বলেন, অর্থ প্রদানের ক্ষেত্রে ট্রাম্প কোথাও কোন সই করেননি। পরে হোয়াইট হাউযে বড় পদ না পেয়ে কোহেন ক্ষুব্ধ হয়ে ট্রাম্পের বিরুদ্ধে নেমেছেন। এছাড়া আদালতে ড্যানিয়েলসের সাক্ষ্য নিয়ে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করেছে প্রসিকিউশন। এসময় ট্রাম্পকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা।
এর বিপরীতে দুপুরের বিরতির পর প্রসিকিউটররা তাদের যুক্তি উপস্থাপনে বলেছেন, আসামিপক্ষের যুক্তি যাই হোক না কেন সাক্ষ্য প্রমাণ দেখায় যে ট্রাম্প তার পরিবারের উদ্বেগের জন্য নয়, বরং তার নির্বাচনী প্রচারণার উদ্বেগ থেকে ড্যানিয়েলসের গল্পটি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছেন। কোহেনের মাধ্যমে ট্রাম্প এ কাজ করেছেন। কোহেন ও ড্যানিয়েলসের সাক্ষ্যে পুরো অনিয়মের ঘটনা উঠে এসেছে। এ সময় তারা ট্রাম্পের শাস্তি দাবি করেন। প্রসিকিউটরদের পক্ষে জশুয়া স্টেইনগ্লাস বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে এবং তা সবার জন্য সমান। এই বিবাদীর ক্ষেত্রেও কোন ব্যতিক্রম হবে না।’ স্টেইনগ্লাসের ৪ ঘণ্টা ৪১ মিনিটের সমাপনী বক্তব্যের পর জাজ হুয়ান মারচান দিনের সমাপনী ঘোষণা করেন। বুধবার সকাল ১০টায় তিনি এক ঘণ্টা জুরিদের নির্দেশনা দেবেন বলেন জানান মার্চান।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন