https://www.prothomalony.com/
9738
north-america
প্রকাশ: ১৯ মে ২০২৪ ০২:৩৬
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীদের ওপর সহিংস জনতা হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। বিশকেকে পাকিস্তানের মিশন জানিয়েছে, ১৭ মে শুক্রবার রাতে শুরু হওয়া সহিংসতার মধ্যে বিশকেকের কয়েকটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে হামলা হয়েছে, যেখানে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীরা বসবাস করেন।
১৩ মে রাজধানী বিশকেকে স্থানীয় দু-তিনজনের সঙ্গে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মিসরীয় কয়েকজনের সংঘর্ষ হয়। ১৬ মে সন্ধ্যায় বিদেশিদের ওপর হামলা শুরু করে স্থানীয়রা। শহরে যেসব বাড়িতে বিদেশিরা থাকেন, সেগুলোতে হামলা চালিয়ে লোকজনকে পেটানো এবং ভাঙচুর চালানো হয়। মেডিকেল কলেজগুলোর হোস্টেলেও তারা ঢুকে পড়ে। বিদেশি মেয়েদের ওপরও চালানো হয়েছে নির্যাতন। বাংলাদেশি একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, শহরজুড়ে পুলিশ মোতায়েন থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে।
রয়্যাল মেট্রোপলিটন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সৈয়দ রাকিবুল ইসলাম বলেন, দেশটিতে বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কক্ষের বাইরে যেতে নিষেধ করেছে। সহিংসতা হঠাৎ শুরু হওয়ায় অনেকে নিজ কক্ষে ফেরত আসতে পারেননি। যে যেখানে পেরেছেন, আত্মগোপন করেছেন। এ পরিস্থিতিতে দেশে ফেরত যেতে চাই, আমাকে উদ্ধার করুন।
এক প্রশ্নে তিনি বলেন, ‘এ দেশে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। এ কারণে আমরা কোনো সহায়তা পাই না। দুদিন পার হয়ে গেলেও কোনো বার্তা আমাদের দেওয়া হয়নি। রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। কিন্তু কোনো উত্তর পাইনি।’
কিরগিজস্তানে বাংলাদেশের দূতাবাস নেই। উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাস কিরগিজস্তানে অনাবাসি দূতাবাসের দায়িত্ব পালন করে।
কিরগিজস্তান স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের বাংলাদেশি শিক্ষার্থী মো. সালমান ফারসি সিয়াম বলেন, ‘আমরা দূতাবাসে যোগাযোগ করেছি, কিন্তু কোনো ফল পাইনি। দূতাবাসের কেউ এখানে নেই। এখানকার বর্তমান পরিস্থিতি তাদের ধারণার বাইরে। আমরা চরম আতঙ্কে রয়েছি। এখন পর্যন্ত চার থেকে ছয়জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এখনও হামলা চালিয়ে যাচ্ছে। আমরা কেউ বের হতে পারছি না। দুদিন না খেয়ে আছি।’
কিরগিজস্তানের ইন্টারন্যাশনাল স্কুল অব মেডিসিনের বাংলাদেশি শিক্ষার্থী সামিয়া কবির ১৮ মে শনিবার সন্ধ্যায় বলেন, ‘আমরা এখানে পাঁচজন বাংলাদেশি মেয়ে আছি। আমরা এখন আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরে আছি। আমাদের অ্যাপার্টমেন্টের সামনে কিছু লোক জড়ো হচ্ছে। দয়া করে আমাদের সাহায্য করুন।’
সামিয়া আরও বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের ভেতরে থাকতে বলেছে। আমরা কাছাকাছি অন্যান্য অ্যাপার্টমেন্ট থেকে কিছু আওয়াজ শুনতে পাচ্ছি ... সেখানে কিছু পাকিস্তানি থাকতে পারে।’
দেশটিতে বিদেশিদের হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান নিজ নিজ দেশের নাগরিকদের জন্য দিয়েছে সতর্কবার্তা। চালু করেছে হটলাইন, যাতে কোথাও তাদের দেশের নাগরিক আক্রান্ত হলে সাহায্য পৌঁছাতে পারে। দেশটিতে থাকা বাংলাদেশি শিক্ষার্থীদের পাঠানো বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশিসহ বিভিন্ন দেশের শিক্ষার্থীরা ১৫-২০ জনের গ্রুপ করে একেকটি কক্ষে লুকিয়ে রয়েছেন।
.jpg)
দেখা গেছে, ১০ থেকে ১৫ জন মিলে এক ব্যক্তিকে নির্দয়ভাবে পেটাচ্ছে। একজনের লাশ রাস্তায় পড়ে রয়েছে। তবে কোন দেশের নাগরিক, তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সামনেই সড়কে পেটানো হচ্ছে লোকজনকে।
বাংলাদেশি শিক্ষার্থীদের দাবি, কিরগিজস্তানে উবারসহ বিভিন্ন যোগাযোগ অ্যাপ ব্যবহার করে বিদেশিদের অবস্থান শনাক্ত করা হচ্ছে। হামলায় বাংলাদেশি শ্রমিক ও শিক্ষার্থীরা আহত হয়েছেন। কত বাংলাদেশি আহত হয়েছেন, তা নির্দিষ্ট করে বলতে পারেননি কেউ। এ ছাড়া কোনো আহত বাংলাদেশির নাম বা ফোন নম্বরও জানাতে পারেননি কেউ। দেশটিতে প্রায় ১ হাজার ২০০ বাংলাদেশি শিক্ষার্থী আছেন বলে তারা জানান।
দেশটিতে কত বাংলাদেশি আছেন, সে পরিসংখ্যান নেই বাংলাদেশ দূতাবাসের কাছে।
দূতাবাসের ধারণা, ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী এবং হাজারখানেক টেক্সটাইলের শ্রমিক কিরগিজস্তানে রয়েছেন।
১৮ মে শনিবার বেশ কয়েকজন বাংলাদেশি শিক্ষার্থী তাদের নিরাপত্তার জন্য বার্তা সংস্থা ইউএনবির কাছে সহায়তা চেয়েছিলেন। স্থানীয় সময় ১৮ মে শনিবার এই হামলার শিকার হন দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানিসহ বিদেশি শিক্ষার্থীদের ওপর সহিংস জনতার হামলার ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিজ নিজ আবাসস্থলের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৮ মে শনিবার রাতে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস কিরগিজ প্রজাতন্ত্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে বিশকেকে সাম্প্রতিক গণসহিংসতার বিষয়ে যোগাযোগ রাখছে।
কিরগিজ প্রজাতন্ত্রের জন্য স্বীকৃত উজবেকিস্তানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বলেছে, কিরগিজস্তানের পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশি শিক্ষার্থীদের এই মুহূর্তে বাড়ির ভেতরে থাকতে এবং এ সংক্রান্ত যেকোনো সমস্যায় দূতাবাসের সঙ্গে ২৪ ঘণ্টা যোগাযোগের জন্য জরুরি নম্বরে +৯৯৮৯৩০০০৯৭৮০ কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘আমরা শিগগিরই একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন শেয়ার করব। উজবেকিস্তানে আমাদের মিশন বিষয়টি খতিয়ে দেখছে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশির হতাহতের খবর আমরা পাইনি। আমরা আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ রাখছি।’
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন