https://www.prothomalony.com/
9687
north-america
প্রকাশ: ১৫ মে ২০২৪ ১০:৩৭
প্রবাস থেকেই এন আই ডি প্রদানের বিষয়টি নিউইয়র্কে চালু হতে সময় লাগবে। এ নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ঠিক কবে থেকে যুক্তরাষ্ট্র প্রবাসীরা এখান থেকে এন আই ডি করার সুবিধা পাবেন, তা এখনও বলা যাচ্ছে না।
নিউইয়র্কে বাংলাদেশ কনসাল জেনারেলের সাথে বাংলা সংবাদমাধ্যমের এক মতবিনিময় সভা থেকে এ তথ্য জানা গেছে। ১৪ মে মঙ্গলবার কনসাল জেনারেলের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে কনসাল জেনারেল মো: নাজমুল হুদা সবাইকে স্বাগত জানান। কনস্যুলেট অফিসের বিভিন্ন সেবা, সীমাবদ্ধতা নিয়ে তিনি খোলামেলা কথা বলেন। কনসাল জেনারেল নাজমুল হুদা দৃঢ়তার সাথে বলেন, সম্পূর্ণ দুর্নীতিমুক্ত পরিবেশে তার অফিস থেকে কনস্যুলার সেবা দেয়া হয়ে থাকে।মুক্তিযুদ্ধের চেতনা, জাতির পিতার ভাবাদর্শ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনকে প্রাধান্য দিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালিত করা হয়।তিনি বলেন, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের চমৎকার সম্পর্কের পেছনে প্রবাসীরাই গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে আসছেন।
কনস্যুলেট সেবা সম্পর্কে আলোচনা করতে গিয়ে নাজমুল হুদা বলেন, অনেক ক্ষেত্রে প্রবাসীরা অপ্রস্তুত হয়ে সেবা গ্রহণের জন্য আসেন। এর ফলে জটিলতা দেখা দেয়। তিনি সবাইকে সেবা গ্রহণের জন্য আসার আগে একবার উয়েভসাইট দেখে আসার জন্য অনুরোধ করেন। একমাত্র পাসপোর্ট ছাড়া অন্যসব কনস্যুলেট সেবা একদিনেই সম্পন্ন করা হচ্ছে বলে তিনি জানান।
কনসাল জেনারেল জানালেন, খুব শীঘ্রই বর্তমান অফিসের অদূরের নতুন ভবনে কনস্যুলেট অফিস স্থানান্তর হতে পারে। নতুন ভবনের লিজ গ্রহণ এখনো প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান, ফার্স্ট সেক্রেটারি প্রসূন কুমার চক্রবর্তী, কাউন্সিলর ইশরাত জাহান প্রমুখ। সম্পাদক ও সাংবাদিকদের পক্ষে কথা বলেছেন পরিচয় সম্পাদক নাজমুল আহসান, প্রথম আলো উত্তর আমেরিকার সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভির সিইও আবু তাহের, ইউএসএ নিউজ অনলাইনের শাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। নিউইয়র্কের বাংলা সংবাদমাধ্যমের শীর্ষস্থানীয়রা এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন