https://www.prothomalony.com/

9644

north-america

উত্তর আমেরিকা

ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে প্রস্তাব পাস

প্রকাশ: ১১ মে ২০২৪ ১২:৩৭

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে সংস্থাটির সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়েছে। পরবর্তীতে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার বিষয়টি 'ইতিবাচকভাবে পুনর্বিবেচনা' করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের পূর্ণ সদস্যপদ শুধু নিরাপত্তা পরিষদের সদস্যদের ভোটেই নির্ধারিত হতে পারে। গত মাসে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়ার প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দেয়ায় তা খারিজ হয়ে গিয়েছিলো।

১০ মে শুক্রবার সাধারণ পরিষদের ১৯৩ টি দেশের মধ্যে এ প্রস্তাব নিয়ে ভোটাভুটি হয়। ১৪৩টি সদস্য দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল মোট ২৫টি দেশ।

বলতে গেলে এটি ছিল জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়ার ক্ষেত্রে ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৈশ্বিক সমীক্ষা। পূর্ণ সদস্যপদ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

সাধারণ পরিষদে এই ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও সাধারণ পরিষদে ফিলিস্তিনের মর্যাদা আরও বাড়ানো হয়েছে। তারা চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্য সদস্যদের সঙ্গে আসন পাবে, পুরোপুরি বিতর্কে অংশ নিতে পারবে, আলোচ্যসূচি প্রস্তাব করতে পারবে এবং কমিটিতে তাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে পারবে। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না।

ফিলিস্তিনের গাজায় প্রায় সাত মাস ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ৩৪ হাজারের ওপর মানুষ প্রাণ হারিয়েছেন যার অধিকাংশই নারী ও শিশু। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দিতে সাধারণ পরিষদে প্রস্তাব তুলেছিল সংযুক্ত আরব আমিরাত।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেছেন। অন্যদিকে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান বলেছেন, সংস্থাটি একটি ‘সন্ত্রাসী রাষ্ট্র’কে স্বাগত জানিয়েছে।

খসড়া প্রস্তাবটি পাস হওয়ায় সেপ্টেম্বর থেকে কিছু অতিরিক্ত অধিকার ও সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে ফিলিস্তিন। যেমন, সাধারণ পরিষদের অ্যাসেম্বলি হলে জাতিসংঘের অন্য সদস্যদের মতো একটি আসন পাবে তারা। তবে ভোট প্রয়োগের কোনো ক্ষমতা তাদের হাতে থাকবে না।

এমন এক সময় সাধারণ পরিষদের প্রস্তাবটি পাস হলো যখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেপ বোরেল সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, স্পেন ২১ মে এ বিষয়ে ঘোষণা দেবে। আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টাও শিগগিরই একই পদক্ষেপ নেবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন