https://www.prothomalony.com/

9553

north-america

উত্তর আমেরিকা

বেঙ্গল ক্লাব আটলান্টিক সিটিতে বৈশাখি মেলার আয়োজন করেছে : আসছেন শুভ্র দেব

প্রকাশ: ০৪ মে ২০২৪ ১২:১৫

নিউজার্সির আটলান্টিক সিটি এলাকার ঐতিহ্যবাহী সংগঠন বেঙ্গল ক্লাব বর্ণাঢ্য আয়োজনে বৈশাখি মেলার আয়োজন করেছে। এ উপলক্ষ্যে ৮ মে বুধবার সন্ধ্যা ছয়টায় এগ হারবার টাউনশীপের হোলি ট্রিনিটি মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত শিল্পী শুভ্র দেব উপস্থিত থাকবেন। শুভ্র দেবের সাথে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ ছাড়াও অনুষ্ঠানে আকর্ষণীয় নানা আয়োজন থাকছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। সংগঠনের সভাপতি রানা কবির এবং সাধারণ সম্পাদক কাজল বাড়ৈ সবাইকে জমকালো এ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

বেঙ্গল ক্লাবের পক্ষ থেকে সংগঠক আলী চৌধুরী তান্নু জানিয়েছেন অনুষ্ঠানের জন্য কোন প্রবেশ ফি দিতে হবে না। এছাড়া ফ্রি পার্কিং পাওয়া যাবে। দেশের বৈশাখ উদযাপনের আবেশকে মনে রেখে দূর দেশের এ আয়োজনে পান্তা ইলিশও থাকবে বলে আলী চৌধুরী জানান।  

উল্লেখ্য, নিউজার্সির আটলান্টিক পাড়ের নগরীতে বিপুল সংখ্যক বাংলাদেশিদের বসবাস। ক্যাসিনোসহ বিনোদন ও সমুদ্র সৈকতের শহর আটলান্টিক সিটিতে বাংলাদেশিরা ক্রমশ প্রধান অভিবাসী জনগোষ্ঠী হয়ে উঠছেন।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন