https://www.prothomalony.com/

9448

north-america

উত্তর আমেরিকা

গ্রিসের আকাশে কমলা রঙের মেঘ, রহস্য কী?

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪ ১২:২২

গ্রিসের রাজধানী এথেন্সের পুরো আকাশে জমেছে কমলা রঙের মেঘ। সাহারা মরুভূমি থেকে ধুলার মেঘ উড়ে আসায় দেশটির রাজধানীসহ বিভিন্ন শহরে কমলা রঙের কুয়াশা পড়ছে বলে ধারণা করা হচ্ছে। এতে শহরের চারদিক কমলা রঙে ছেয়ে গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গ্রিসের কর্মকর্তাদের বরাতে বলছে, ২০১৮ সালের পর গ্রিসে আঘাত হানা ধূলিঝড়গুলোর মধ্যে এটিই সবচেয়ে ভয়াবহ। এর আগে গত মার্চের শেষ দিকে ও এপ্রিলের শুরুতে গ্রিসের আকাশ একই রকম কমলা রঙে ছেয়ে যায়। পরে তা সুইজারল্যান্ড এবং দক্ষিণ ফ্রান্সের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।

গ্রিসের আবহাওয়া পরিষেবা দপ্তর বলছে, স্থানীয় সময় ২৪ এপ্রিল বুধবার থেকে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা আছে। এই ধূলিঝড়ের কারণেই দেশটির বেশকিছু এলাকায় বায়ুর মান খারাপ হতে দেখা গেছে। বুধবার সকালে ধুলার কারণে গ্রিসের এথেন্সের অন্যতম পর্যটন এলাকার ঐতিহাসিক স্থাপনা অ্যাক্রোপলিসও পরিষ্কার দেখা যাচ্ছিল না।

এই পরিস্থিতিতে ধুলার মেঘ পরিষ্কার না হওয়া পর্যন্ত যাদের শ্বাসযন্ত্রের সমস্যা আছে তাদের বাইরের সময় কাটানো বা ঘরের বাইরে শারীরিক ব্যায়াম এড়িয়ে চলতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিরোধমূলক মাস্ক পরতেও নির্দেশনা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবছর সাহারা মরুভূমি থেকে ৬ থেকে ২০ কোটি টন খনিজ ধূলিকণা নির্গত হয়। যার বেশির ভাগ ধূলিকণা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। কিছু কিছু ছোট কণা বহুদূর, কখনো কখনো ইউরোপ পর্যন্ত ছড়িয়ে যায়। 

এদিকে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ এপ্রিল মঙ্গলবার পর্যন্ত  ২৪ ঘণ্টায় ফায়ার সার্ভিস ২৫টি দাবানলের খবর দিয়েছে। ক্রিট দ্বীপে একটি নৌঘাঁটির কাছে এ আগুন ছড়িয়ে পড়েছে। সেখানে বর্তমানে তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এ কারণে বেশ কিছু বাড়ি এবং একটি কিন্ডারগার্টেন স্কুল খালি করতে হয়েছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন