https://www.prothomalony.com/

9215

north-america

উত্তর আমেরিকা

প্রবাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার সুমন এমপি/ Roundtable Conversation: Syed Sayedul Haque Suman MP and Councilwoman Shepa Uddin

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৪ ০৮:৪৬

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন, সব মানুষের হৃদয়ের ভাষা এক। মানুষের কথা বলে মানুষের সাথে সংযোগ সৃষ্টি করার চেষ্টা করে আছি। মুখের ভাষা একটা মাধ্যম মাত্র। এ মাধ্যমকে একেকজন একেকভাবে মানুষের সাথে সংযোগ সৃষ্টি করতে সক্ষম হয়। মানুষের জন্য যারা কাজ করে, তাদের ভাষা এক। তিনি বলেছেন, প্রবাসীদের সমস্যা নিয়ে আর বসে থাকার অবকাশ নেই। প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সমস্যা নিয়ে আওয়াজ তুলতে হবে।

নিউজার্সির ফ্রাংকলিন টাউনশীপের কাউন্সিলউওম্যান শিফা উদ্দিন বলেছেন, 'মা বাবার কাছ থেকে  আমরা বাংলা ভাষা শিখেছি। চর্চা ও ভালোবাসা দিয়ে এ ভাষাকে বাঁচিয়ে রেখেছি এবং আমাদের সন্তানদের মধ্যেও তা ছড়িয়ে দিচ্ছি।' ৪ এপ্রিল বৃহস্পতিবার রাতে এক গোল টেবিল আড্ডায় তারা এসব কথা বলেছেন। নিউইয়র্কের ব্রংকসে বাংলাদেশি প্রতিষ্ঠান খলিল রেস্টুরেন্টে এ অনির্ধারিত গোল টেবিল আড্ডার আয়োজন করে প্রবাসী টিভি। সাংবাদিক ইব্রাহীম চৌধুরীর সঞ্চালনায় সিলেট অঞ্চল থেকে আসা দুইদেশের দুই  নির্বাচিত সংগঠক সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

যুক্তরাষ্ট্র সফররত ব্যারিস্টার সুমন এ আড্ডায় আবারও জানান, তিনি স্বচ্ছভাবে জনগণের কাছে নিজেকে উপস্থাপনের জন্য বদ্ধপরিকর। জবাবদিহিতার কারণেই তিনি আমেরিকায় বসবাসের  গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন। নিজেকে বঙ্গবন্ধুর অনুসারী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগত উল্লেখ করে ব্যারিস্টার সুমন বলেন, দেশে চলমান অব্যবস্থাপনার বিরুদ্ধে তাঁর লড়াই অব্যাহত থাকবে। মানুষের মনের কথাকে জানার এবং তাদের অব্যক্ত কথাগুলোকে তিনি বলে আসছেন বলে উল্লেখ করেন।

প্রবাসীদের সমস্যা নিয়ে করা প্রশ্নের জবাবে ভুমিধস ভোটে একজন মন্ত্রীকে হারিয়ে নির্বাচিত এমপি ব্যারিস্টার সুমন বলেন, ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অবস্থানের পক্ষে না দাঁড়ালে কিছুই হবে না। প্রবাসীদের স্বার্থ নিয়ে আওয়ামী লীগ বা বিএনপি বিভেদ নেই। সবাই ঐক্যবদ্ধ হয়ে প্রবাসীদের সমস্যা নিয়ে, উপেক্ষা নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি উল্লেখ করেন। এ আন্দোলনের পাশে তিনি থাকবেন বলে নিশ্চিত করেন।

গোল টেবিল আড্ডায় শিফা উদ্দিন বলেন, একজন ব্যারিস্টার সুমন দূর থেকেও নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে উঠেছেন। সাহসের সাথে তিনি মানুষের জন্য কাজ করেই আজকের অবস্থানে এসেছেন। দেশের বন্যায় বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন নিজের শক্তি নিয়ে। মানুষের সমস্যা নিয়ে নির্ভীক কণ্ঠে সত্য বলে অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছেন। শিফা উদ্দিন বলেছেন, ব্যারিস্টার সুমনের মতো সংগঠক পাশে থাকলে প্রবাসী সমস্যা সহ জনস্বার্থের যেকোনো বিষয়ে অগ্রসর পদক্ষেপ নেয়া সম্ভব।

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপি বলেছেন, প্রবাসে যে দলই করেন না কেন, যদি প্রবাসীদের সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ না হন তাহলে আপনি প্রবাসীদের ও দেশের ক্ষতি করছেন। দল মত নির্বিশেষে এখন নিজেদের স্বার্থ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি সব প্রবাসীদের প্রতি আহ্বান জানান।  

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন