https://www.prothomalony.com/
9000
north-america
প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ওরফে ক্যাথেরিন ক্যানসার আক্রান্ত হয়েছেন। প্রাথমিক পর্যায়েই ক্যানসার ধরা পড়েছে। এরই মধ্যে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২২ মার্চ শুক্রবার এক ভিডিও বিবৃতিতে ক্যাথরিন বলেছেন, অবিশ্বাস্য কঠিন কয়েকটি মাস পার করার পর এটি তাঁর কাছে ছিল একটি ‘বিশাল ধাক্কা’। সেই সঙ্গে একটি ইতিবাচক বার্তাও দিয়েছেন ক্যাথরিন। বলেছেন, ‘আমি ভালো আছি এবং প্রতিদিন আরও শক্তি পাচ্ছি।’ অবশ্য ক্যানসারের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কেনসিংটন প্যালেস থেকে বলা হয়েছে, ক্যাথরিন ক্যানসার থেকে সম্পূর্ণ সুস্থ হবেন এটি নিশ্চিত।
কেট মিডলটনের অফিস বলছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যান্সার সংক্রান্ত ছিলো না। সেটি আগে থেকেই হবে বলে ঠিক ছিলো। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট হয়। আর সেই টেস্টেই ধরা পড়ে ব্রিটিশ রাজবধূর ক্যানসারের খবরটি।
গত ফেব্রুয়ারির শেষের দিকে তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। প্রাসাদ থেকে বলা হয়েছে, ক্যানসারের ধরন ও চিকিৎসার মতো ব্যক্তিগত বিষয় প্রকাশ করা হবে না। ক্যাথরিন (৪২) বলেছেন, তিনি এই মুহূর্তে ক্যানসার আক্রান্ত সবার কথা ভাবছেন। তিনি বলেন, ‘এই রোগে আক্রান্ত প্রত্যেকের জন্য পরামর্শ, পরিস্থিতি যাই হোক না কেন, দয়া করে বিশ্বাস বা আশা হারাবেন না। আপনি একা নন।’
শুক্রবারের ঘোষণার আগে রাজা এবং রানিকে ক্যাথরিনের স্বাস্থ্যের খবর জানানো হয়েছিল। রাজা চার্লস নিজেও ক্যানসার আক্রান্ত। তাঁরও চিকিৎসা চলছে।
প্রিন্সেস ক্যাথরিন এবং প্রিন্স উইলিয়াম এবার ইস্টার সানডে উদযাপনে রাজপরিবারের সঙ্গে জনসমক্ষে আসবেন না বলেই মনে হচ্ছে। ক্যাথরিনও শিগগির সরকারি দায়িত্বে ফিরবেন না।
প্রাসাদ থেকে আরও বলা হয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে প্রিন্স উইলিয়ামের হঠাৎ অনুপস্থিতির পেছনে ক্যাথরিনের ক্যানসার ধরা পড়ার বিষয়টিই ছিল।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন