https://www.prothomalony.com/

8946

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ ১২:৪৮

যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে অনলাইন জুমে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালিত হয়। যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি যতাক্রমে রাফায়েত চৌধুরী, সফেদা বসু বিন্ধু,, নজরুল আলম ও  ইঞ্জিনিয়ার আহাদ আহমেদ, কোষাধ্যক্ষ মাহাবুবুর রহমান ভুঁইয়া, টেক্সাস আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বরকত, ক্যালিফোর্নিয়া বঙ্গবন্ধু পরিষদের সহসভাপতি শেখ সেলিম ও সাধারণ সম্পাদক তাসনিম মিতু, এবং বোস্টন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল বড়ুয়া। 

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে তার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জন্ম, তার স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নে তার দীর্ঘ সংগ্রাম নিয়ে বিস্তারিত আলাপ করেন। আগামী ২৭শে  এপ্রিল ২০২৪ ক্যালিফোর্নিয়ায় সপ্তম আন্তর্জাতিক বঙ্গবন্ধু সম্মেলন নিয়েও বিস্তারিত আলাপ করেন সংগঠনের নেতৃবৃন্দ। 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডঃ নুরুন নবী বলেন, বঙ্গবন্ধুর হৃদয়ে বৈষম্যহীন অসাম্প্রদায়িক চিন্তাচেতানা ছোটবেলা থেকে ছিল বলেই তিনি সেই চিন্তা চেতনা বাস্তবায়ন করার লক্ষ্যে সারাজীবন সংগ্রাম করেছিলেন। সেই সংগ্রামের ফলস্বরূপ আমরা স্বাধীনতা পেয়েছি। আমাদের উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শকে দেশে বিদেশে বিশেষ করে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়া। তিনি আগামী এপ্রিলে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সম্মেলনকে সার্থক করার জন্য সবার প্রতি আহ্বান জানান। 

যুক্তরাষ্ট্র আওয়ামী সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্যে বলেন, যে লোকটা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবনের ১৩টি বছর কারাগারে কাটিয়েছেন, বাঙালির মুক্তির পথ দেখিয়েছেন, স্বাধীনতা এনে দিয়েছেন  সেই লোকটাকে আমরা বাঙালিরাই ১৯৭৫ সালের ১৫ই আগস্টে নির্মমভাবে স্বপরিবারে  হত্যা করেছি, সেরকম একটা অকৃতজ্ঞ জাতি আমরা। বঙ্গবন্ধু যে জাতির পিতা সেটা অনেকে মেনে নিতে পারেন না, অনেককে আবার বুঝাতেও হয়। জাতি হিসেবে এই ব্যর্থতাগুলো আমাদের। বঙ্গবন্ধুর অবদান এবং উনি যে বাঙালী জাতির জনক, সে বিষয়ে বিতর্ক থাকার কোন সুযোগেই থাকতে পারে না। তিনি প্রবাসে যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধুর পরিষদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। 

টেক্সাস আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বরকত তার বক্তব্যে বলেন, যে ব্যক্তির ত্যাগ, সাধনা ও সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, তিনি হলেন  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বলেন ১৯৭৫ সালে ১৫ই আগস্টের পরে যখন কেউ কিছু বলছিলেন না, এমনকি আওয়ামীলীগ পর্যন্ত নিস্তব্দ ছিল, তখন কিন্তু বঙ্গবন্ধু পরিষদ গঠিত হয়। এমনকি আওয়ামী লীগকেও কিন্তু তখন দার করিয়েছিল এই বঙ্গবন্ধু পরিষদ। এই বঙ্গবন্ধু পরিষদই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে প্রতিনিয়ত কাজ করে গেছেন একটা থিংক ট্যাঙ্ক হিসেবে, এবং এখনো তা করে যাচ্ছেন। 

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ তার বক্তব্যে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেয়ার জন্য প্রবাসে মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একতার উপর গুরুত্ব আরোপ করেন।  

সভায় অন্যান্যরা বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে, আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানান দিতে, দেশ প্রেমে গড়ে তুলতে দেশের যে ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা আছে সেই সব শিক্ষা ব্যবস্থায় মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার কথা, বঙ্গবন্ধুর সংগ্রামের কথা অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আগামী প্রজন্ম সঠিকভাবে গড়ে উঠবে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আগামী ২৭শে এপ্রিল ২০২৪ ক্যালিফোর্নিয়ায় বঙ্গবন্ধু সম্মেলনে যোগদানের জন্য সবাইকে অনুরোধ জানিয়ে আলোচনা সভার সম্পাতি ঘোষণা করা হয়। 
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন