https://www.prothomalony.com/

8939

north-america

উত্তর আমেরিকা

ট্রাম্প বলেছেন, তিনি না জিতলে র ক্তে ভাসবে দেশ !

প্রকাশ: ১৮ মার্চ ২০২৪ ১২:০০

সাবেক প্রেসিডেন্ট এবং আসছে নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নির্বাচনে তিনি না জিতলে দেশে রক্তগঙ্গা বয়ে যাবে। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষণ যুক্তরাষ্ট্রের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন’ হবে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ মন্তব্যের মধ্য দিয়ে তিনি তাঁর হোয়াইট হাউসে যাওয়ার প্রচারকে দেশের জন্য এক সন্ধিক্ষণ হিসেবে চিত্রায়িত করেন।

ওহাইয়ো অঙ্গরাজ্যে ১৬ মার্চ শনিবার একটি নির্বাচনী সমাবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ মন্তব্য করেন। আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন অনেকটাই নিশ্চিত করার কয়েক দিন পর ট্রাম্প এ মন্তব্য করলেন।

ট্রাম্পের এসব মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট বাইডেনের প্রচারশিবির থেকে এক বিবৃতি দেওয়া হয়। সেখানে রিপাবলিকান এ নেতাকে ২০২০ সালের নির্বাচনে একজন ‘পরাজিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে বলা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘তিনি (ট্রাম্প) আরেকটি ৬ জানুয়ারি চান। কিন্তু এই নভেম্বরের নির্বাচনে যুক্তরাষ্ট্রের জনগণ তাঁকে আরেকবার পরাজিত করতে চলেছেন। কেননা তাঁরা তাঁর চরমপন্থা, সহিংসতার প্রতি আকর্ষণ ও প্রতিশোধ গ্রহণের তীব্র আকাঙ্ক্ষা প্রত্যাখ্যান করেন।’ প্রসঙ্গত, ২০২০ সালের নির্বাচনের পর ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে (মার্কিন কংগ্রেস ভবন) নজিরবিহীন হামলা চালান ট্রাম্পের উগ্র সমর্থকেরা।

৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘৫ নভেম্বরের তারিখটি মনে রাখুন। আমি মনে করি, যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখ হতে চলেছে।’ এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনকে নিয়ে তাঁর প্রায় সময়ই উল্লেখ করা সমালোচনামূলক এক মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তিনি (বাইডেন) সবচেয়ে ‘মন্দ’ প্রেসিডেন্ট।

২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ট্রাম্প ও বাইডেন দুজনই চলতি মাসের শুরুর দিকে প্রাথমিক বাছাইয়ে (প্রাইমারি ও ককাস) নিজ নিজ দলের যথেষ্টসংখ্যক নিবন্ধিত ভোটারের সমর্থন পেয়েছেন। এ অবস্থায় এবারের নির্বাচনে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি থেকে এ দুজনই চূড়ান্ত প্রার্থী হবেন ও মুখোমুখি প্রতিদ্বন্দ্বিতায় নামবেন বলে মনে করা হচ্ছে। 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন