https://www.prothomalony.com/
6845
bangladesh
বৃহত্তর সিলেটের কৃতী সন্তান, প্রখ্যাত দন্ত চিকিৎসক, হবিগঞ্জ সমিতি সিলেটের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক লায়ন ডা. আনিস উল হাসান (ডা. এ হাসান) আর নেই। ১৩ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেছেন বলে পারিবারিকভাবে জানানো হয়েছে। তিন ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা পরিদিন শনিবার (১৪ অক্টোবর) নিউ ইয়র্ক সময় বাদ মাগরিব অনুষ্ঠিত হয়েছে। এতে নিউ ইয়র্কে অবস্থানরত কমিউনিটি নেতৃবৃন্দ ও আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। ডা. এ হাসানের মৃত্যুতে সিলেটে শোকের ছায়া নেমে এসেছে।
ডা. এ হাসান ১৯৪০ সালের ১লা জুলাই সিলেটের হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামালখানী মহল্লার প্রখ্যাত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ডা. ওবায়দুল হাসান (ডা. ও হাসান)। তিনি ছিলেন একজন দন্ত চিকিৎসক। মাতার নাম মরহুমা বেগম ইফাতুন্নেছা চৌধুরী। তিনি ছিলেন গৃহিণী। ডা. এ হাসানের দাদার নাম খান বাহাদুর মৌলভী রফিকুল হাসান।
তিনি ছিলেন সাব-রেজিস্ট্রার। ডা. এ হাসান ১৯৬৫ সালে টাঙ্গাইলের কালিহাতী থানা হাসপাতালের মেডিকেল অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। তারপর তিনি ফরিদপুর সদর থানা হাসপাতালে কনসালটেন্ট হিসেবে কাজ করেন। তিনি দেশের বিভিন্ন উপজেলা হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে কাজ করার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন। তিনি অধ্যাপক হিসেবে ১৯৯৭ সালে অবসরগ্রহণ করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ও পরে সিলেট ওমেন্স মেডিকেল কলেজে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বহুদিন সিলেট নগরীতে হাসান ডেন্টাল ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।
২০০৮ সাল থেকে পুরোপুরি অবসরগ্রহণ করে সিলেটের দরগামহল্লায় নিজস্ব বাসায় বসবাস করছিলেন। কয়েক বৎসর পূর্বে তিনি যুক্তরাষ্ট্রে সন্তানদের কাছে চলে যান। ডা. এ হাসান সিলেট লায়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য, লায়ন চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা, বংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, সিলেট হার্ট ফাউন্ডেশনের সদস্য, ডায়াবেটিস সমিতি সিলেটের আজীবন সদস্য, জালালাবাদ এসোসিয়েশন ঢাকার আজীবন সদস্য, হবিগঞ্জ সমিতি সিলেটের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রাক্তন তিনবারের সভাপতি। তিনি সিলেট জালালাবাদ চক্ষু হাসপাতালের আজীবন সদস্য। এ ছাড়াও তিনি সিলেটের বহু সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
নাদেলের শোক: প্রখ্যাত চিকিৎসক এ হাসানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। নাদেল জানান, ডা. এ হাসান সিলেটের চিকিৎসাসহ সমাজ উন্নয়নে নিরলসভাবে কাজ করেছেন।
বাংলাদেশ থেকে আরো পড়ুন