https://www.prothomalony.com/
6790
entertainment
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৩ ০৮:৩৪
১৮ অক্টোবর ঢাকার একটি পাঁচ তরকা হোটেলে আয়োজিত হবে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’–এর ১৮তম আসর। এই অনুষ্ঠানে ২২ বিভাগে পুরস্কৃত হবেন সংগীতের বিভিন্ন শাখার শিল্পী ও কলাকুশলীরা। এবারের আসরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যামকে আজীবন সম্মাননা প্রদান করা হবে।
‘সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন’ লক্ষ্য সামনে রেখে ২০০৪ সালে শুরু হয়েছিল ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। এবারের আয়োজন সম্পর্কে বিস্তারিত জানাতে ১০ অক্টোবর মঙ্গলবার সকালে চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সুজেয় শ্যাম শারীরিক অসুস্থতার কারণে খুব একটা বাসার বাইরে যান না, তাই সংবাদ সম্মেলনে থাকতে পারেননি। ক্যানসার ও উচ্চ রক্তচাপে ভুগছেন তিনি।
.jpg)
আজীবন সম্মাননা প্রসঙ্গ সম্পর্কে সুজেয় শ্যাম বললেন, ‘এটা খুবই আনন্দের ব্যাপার। শেষ বয়সে এসে সংগীতের এই অসাধারণ আয়োজনে চ্যানেল আই আমাকে আজীবন সম্মাননা উপহার দিচ্ছে, এটা আমার জন্য ভাগ্যের ব্যাপার। তারা আমাকে নির্বাচিত করেছে, তার জন্য আমি কৃতজ্ঞ। সংগীত নিয়ে কিন্তু বাংলাদেশে সেই অর্থে কোনো পুরস্কার নেই। তা ছাড়া এখন সংগীতের যে অবস্থা, সেই পরিপ্রেক্ষিতেও চ্যানেল আই শুদ্ধ সংগীতের প্রচার, প্রসার ও পৃষ্ঠপোষকতার জন্য যুদ্ধ করে যাচ্ছে। সবকিছু মিলিয়ে তাদের কাছ থেকে পাওয়া এই সম্মান আমার জন্য আমার জন্য অনেক গৌরবের।’
সুজেয় শ্যাম এ-ও বললেন, ‘চ্যানেল আই তাদের যেকোনো আয়োজনে সব সময় আমাদের আন্তরিকভাবে নিমন্ত্রণ করে। কয়েক বছর ধরে তাদের ক্যানটিনে আমাদের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের জন্য একটি টেবিল রাখা আছে, যেখানে বিনা পয়সায় খাবার দেয়। এটা শুধু বিনা পয়সার খাবার হিসেবে দেখছি না আমি, এটা শিল্পীদের অন্য রকম একটা সম্মান জানানো। এটা কেন বললাম, সত্যিকার অর্থে, এখন আর আমাদের কেউ ডাকে না। না ডাকতে পারলেই যেন বেঁচে যায় সবাই। সেখানে ১৬ ডিসেম্বর, ২৬ মার্চ, পয়লা বৈশাখ, তাদের প্রতিষ্ঠাবার্ষিকীসহ সব ধরনের অনুষ্ঠানে সম্মানের সঙ্গে আমাদের ডাকে।'
.jpg)
চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন প্রকল্প পরিকল্পক শহীদুল আলম সাচ্চু। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন সানসিল্কের সিনিয়র ক্যাটাগরি হেড সাবিত শফিউল্লাহ।
আয়োজন নিয়ে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘সবাইকে অনেক অনেক ধন্যবাদ, দীর্ঘ ১৮ বছর ধরে আমাদের এই “চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস”-এর সঙ্গে যুক্ত থাকার জন্য। সংগীতকে ভালোবাসে না, এমন বাঙালি পাওয়া খুব কঠিন।’ সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ফরিদা পারভীন, সালাউদ্দিন আহমেদ, খুরশীদ আলম, তপন চৌধুরী, মানাম আহমেদ, শুভ্র দেব, মেহরীন, কোনাল প্রমুখ।
বিনোদন থেকে আরো পড়ুন