https://www.prothomalony.com/
18453
entertainment
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০২:২৭
দীর্ঘ এক যুগের সংগীতসাধনা ও নিষ্ঠার স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক সম্মাননা পেলেন বাংলাদেশের তরুণ সংগীত পরিচালক ও কিবোর্ডিস্ট সৌরভ দাস। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বহির্বিশ্বে বাংলা বিনোদনজগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন 'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড'-এর ২৫তম রজতজয়ন্তী আসরে তিনি 'শ্রেষ্ঠ কিবোর্ডিস্ট' হিসেবে পুরস্কৃত হয়েছেন।
শো-টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলমের সার্বিক তত্ত্বাবধানে ১০ অক্টোবর নিউইয়র্কের কুইন্সের লং আইল্যান্ড সিটির ইভানজেল চার্চ সেন্টারে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এই রজতজয়ন্তী উৎসব। চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে এই আসরে মেগাস্টার শাকিব খান, চঞ্চল চৌধুরী, নির্মাতা রায়হান রাফী, অভিনেত্রী তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, ফারহান আহমেদ জোভান ও সংগীতশিল্পী রেশমী মির্জাসহ বহু গুণী ব্যক্তিত্বকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় উপস্থাপিকা সোনিয়া হোসেন ও চিত্রনায়ক অমিত হাসান।
কিবোর্ডের রিডে সুরের বৈচিত্র্য ও স্বকীয় বৈশিষ্ট্যের কারণে দেশের সংগীতাঙ্গনে সৌরভ দাস ইতোমধ্যে নিজের একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছেন। আন্তর্জাতিক এই মঞ্চে নেপথ্যের যন্ত্রসংগীতশিল্পী হিসেবে তাঁর এই অর্জনকে সংগীতাঙ্গনের জন্য বড় মূল্যায়ন হিসেবে দেখা হচ্ছে।
সম্মাননা গ্রহণের পর সৌরভ দাস বলেন, "যেকোনো আন্তর্জাতিক স্বীকৃতি কাজের দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। নেপথ্যে থাকা যন্ত্রসংগীতশিল্পীদের এমন মূল্যায়ন ভবিষ্যৎ প্রজন্মের শিল্পীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।"
বিনোদন থেকে আরো পড়ুন