https://www.prothomalony.com/
17757
entertainment
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ ০০:৪০
বাংলা চলচ্চিত্রের বিশ্বায়ন এবং প্রবাসে রুচিশীল বিনোদনের শক্ত ভিত্তি গড়ে তোলার লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’ এর আত্মপ্রকাশমূলক আসর। প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিওর যৌথ উদ্যোগে এবং আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সহযোগিতায় আগামী ৩০ জুলাই পর্দা উঠছে এই উৎসবের। সম্পূর্ণ আয়োজনটি বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
তিন দিনব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে উৎসবের যাত্রা শুরু হবে। প্রথম দিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, ঐতিহাসিক তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং সোহেল রানা বয়াতীর পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয় দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং মিশুক মনি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। প্রদর্শনীর শেষ দিন ১ আগস্ট দেখানো হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’, এবং প্রসূন রহমানের ‘শিকড়’ ও রাইসুল ইসলাম অনিকের ‘বিশ্বাস করেন ভাই’ চলচ্চিত্র দুটি।
তিন দিনের প্রদর্শনী শেষে আগামী ২ আগস্ট জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসবে উৎসবের চূড়ান্ত আসর। এদিন জমকালো রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিজয়ী নির্মাতাদের পুরস্কৃত করার মাধ্যমে সমাপনী টানা হবে। ইতোমধ্যে বাংলাদেশ ও উত্তর আমেরিকার উল্লেখযোগ্য সংখ্যক অভিনয়শিল্পী, চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলী এই আয়োজনে যোগ দিতে নিউ ইয়র্কে একত্রিত হচ্ছেন।
যুক্তরাষ্ট্রে প্রথাগত উৎসবের বাইরে গিয়ে বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক ও গুণগত বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা। উৎসবের আহ্বায়ক অলিভ আহমেদ জানান, প্রথাগত নাচ-গান কিংবা গণহারে ক্রেস্ট বিতরণের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রকৃত শিল্পকে মূল্যায়নের জন্য তারা একটি মজবুত ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে সদস্য সচিব লিটু আনাম জানান, আন্তর্জাতিক প্রডিউসারদের সাথে সংযোগ ঘটানোর অংশ হিসেবে এবিপিএ এই আয়োজনে বিজয়ী কাজগুলোতে সরাসরি ভবিষ্যতের প্রজেক্টে অর্থায়নের আশ্বাস দিয়েছে। পিকলু চৌধুরীর ফেস্টিভ্যাল ডিরেকশন এবং তানভির সানির প্রোগ্রাম ডিরেকশনে আয়োজিত এই উৎসব বাংলা সংস্কৃতিকে বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করে সকলকে এতে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে উৎসব কর্তৃপক্ষ।
বিনোদন থেকে আরো পড়ুন