https://www.prothomalony.com/

5470

new-york

নিউইয়র্ক

ইঁদুরের সাথে মেয়র অ্যাডামসের যুদ্ধ

প্রকাশ: ০১ জুলাই ২০২৩ ০৭:১২

নিউইয়র্ক সিটিতে ইঁদুরের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে। মেয়র এরিক অ্যাডামস বলেছেন, ইঁদুর নিউইয়র্ক সিটিকে চালাচ্ছে, এমনটি হতে পারে না। সমস্ত সিটিতে ইঁদুর ঠেকানোর জন্য একাধিক উদ্যোগ নিয়েছেন মেয়র অ্যাডামস। ২৮ জুন বুধবার সিটি হলে সংবাদ সম্মেলন করে ইঁদুর নিয়ন্ত্রণের দুই দফা কর্মসুচী ঘোষণা করা হয়েছে।

৩০ জুন থেকে কার্যকর নিয়ম অনুযায়ী খাবার বিক্রি বা ব্যবস্থাপনার সাথে জড়িত লোকজনকে অবশ্যই কালো ভারী গার্বেজ ব্যাগে বর্জ্য ফেলতে হবে মুখ বন্ধ করে। একইভাবে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ঢাকনা সহ গার্বেজ বিন ব্যবহার করা বাধ্যতামুলক করা হচ্ছে।  

মেয়র এরিক অ্যাডামস সংবাদ সম্মেলনে বলেছেন, আপনারা জানেন আমি ইঁদুর ঘৃণা করি এবং ইঁদুর আবর্জনার  ব্যাগ ভালোবাসে। নিউইয়র্ক সিটি চারটি মেইন স্ট্রিটের জন্য পরিচিত ছিল। এখন এ সিটিকে পরিচ্ছন্ন সিটি হিসেবে লোকে জানবে বলে মেয়র তাঁর সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। বর্জ্য ফেলার নতুন নিয়ম সিটির প্রায় ২৫ শতাংশ ব্যবসার বেলায় প্রযোজ্য হবে।

মেয়রের সাথে কন্ঠ মিলিয়েছেন সিটি কাউন্সিল মেম্বার শন আইবরু। তিনি বলেছেন, নিউইয়র্কের মতো সিটির বর্জ্য ফেলার পুরনো ব্যবস্থার আমূল পরিবর্তন করা হচ্ছে। সড়কের পাশে বর্জের ব্যাগ স্তূপ করে রাখার দিন শেষ হয়ে আসছে। তিনি বলেন, সিটি প্রশাসন ইঁদুর না দমানো পর্যন্ত থামবে না।  

সিটির স্যানিটেশন কমিশনার জ্যাসিকা টিসচ বলেছেন, নতুন বর্জ্য ব্যবস্থায় প্রায় চার লাখ স্থাপনা চলে আসবে। তিনি বলেন অনেকেই কাজ কর্মের সমালোচনা করেন। বর্জ্য ফেলার নিয়ম না মানার জন্য এরমধ্যেই ৪৫ হাজার সমন জারী করা হয়েছে। নিয়মিত জরিমানা করা হচ্ছে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন