https://www.prothomalony.com/
18685
bangladesh
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬ ০১:৫১
কক্সবাজারের শরণার্থী শিবিরে রোহিঙ্গা তরুণদের বৈদ্যুতিক নিরাপত্তা, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং ই-বর্জ্য ব্যবস্থাপনায় প্রশিক্ষণ দিচ্ছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের গ্রিন ইনোভেশন হাব। হিউম্যানিটি ও হিউম্যান কনসার্নের যৌথ সহযোগিতায় চলা এই উদ্যোগে অংশগ্রহণকারীরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করছেন, যা শিবিরের পরিবেশকে আরও টেকসই ও সম্পদ-সাশ্রয়ী করতে সাহায্য করছে।
শুধু প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয় এই উদ্যোগ। অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়তা, স্টার্ট-আপ কিট ও দিকনির্দেশনাও দেওয়া হচ্ছে, যাতে নতুন দক্ষতাকে তারা জীবিকার সুযোগে রূপ দিতে পারেন। এ ছাড়া সৌরবিদ্যুৎ ব্যবস্থা রক্ষণাবেক্ষণে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে নিজেদের কমিউনিটির অপরিহার্য জ্বালানি ব্যবস্থা সচল রাখতে পারেন তরুণেরা।
কক্সবাজারের অনেক বসতঘরে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ নেই; সেখানে সৌর প্যানেলই বিদ্যুতের একমাত্র উৎস। এই বিদ্যুতে চলে আলো ও পাখা, আর মোবাইল ফোনের মাধ্যমে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগও টিকে থাকে। কিন্তু প্যানেল বা ব্যাটারি নষ্ট হলে পরিবারগুলো এসব সুবিধা থেকে বঞ্চিত হয়। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সৌর প্যানেল রক্ষণাবেক্ষণ, ব্যাটারি ব্যবস্থাপনা ও সাধারণ কারিগরি ত্রুটি শনাক্ত করার মতো অপরিহার্য দক্ষতা শিখছেন। প্রশিক্ষণ শেষে তাঁরা নিজেদের কমিউনিটিতে সেই দক্ষতা কাজে লাগাচ্ছেন—মেরামত করছেন সেই সৌর ব্যবস্থা, যার ওপর পরিবারগুলো নির্ভরশীল।
প্রশিক্ষণপ্রাপ্ত ইয়াসের ও আবদুল এখন নিজেদের এলাকায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজ করছেন। তাঁদের মেরামত করা একটি সৌর ব্যবস্থা মানেই কোনো পরিবারের ঘরে আবার আলো জ্বলা, গরমে পাখার স্বস্তি কিংবা দৈনন্দিন কাজ চালিয়ে যাওয়ার সুযোগ।
রোহিঙ্গা সংকট শুরুর নয় বছরের বেশি সময় পেরিয়ে গেছে। মিয়ানমার থেকে আসা ১২ লাখ শরণার্থী এখন বাংলাদেশে রয়েছেন, যাঁদের বড় অংশই কক্সবাজারে—বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে। বাস্তুচ্যুতি দীর্ঘস্থায়ী বাস্তবতায় পরিণত হওয়ায় তরুণদের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলা তাদের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শরণার্থী প্রতিক্রিয়ার সহ-নেতৃত্ব হিসেবে ইউএনএইচসিআর বাংলাদেশ সরকারকে তাৎক্ষণিক চাহিদা মেটানোর পাশাপাশি আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরিতেও সহায়তা করছে।
ইউএসএ ফর ইউএনএইচসিআর বলছে, এই সহযোগিতা তাদের জন্য একটি মাইলফলক—প্রথমবারের মতো বিশ্বাসভিত্তিক অংশীদারদের একসঙ্গে এনে শরণার্থীদের জন্য বাস্তবভিত্তিক, কমিউনিটি-নেতৃত্বাধীন সমাধান এগিয়ে নেওয়া হচ্ছে। সংস্থাটির মতে, সবুজ দক্ষতায় বিনিয়োগ মানে শুধু কারিগরি প্রশিক্ষণ নয়; এটি তরুণদের নিজেদের কমিউনিটিতে অবদান রাখার, অপরিহার্য সেবা সচল রাখার এবং নতুন জীবিকার পথ খোঁজার সক্ষমতা তৈরি করছে—কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের জন্য আরও স্বাধীন ও টেকসই ভবিষ্যতের দিকে একটি পদক্ষেপ।
সূত্র: ইউএসএ ফর ইউএনএইচসিআর
ছবি: ইউএনএইচসিআর
বাংলাদেশ থেকে আরো পড়ুন