https://www.prothomalony.com/

18691

bangladesh

বাংলাদেশ

হাসিনার সমর্থকেরা "ক্ষুদ্র বিদ্রোহ" চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২৩:০৮

ঢাকা, ২২ নভেম্বর: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকেরা সরকারকে অস্থিতিশীল করতে ধারাবাহিক সহিংস তৎপরতা চালাচ্ছেন, যাকে "ক্ষুদ্র পরিসরের বিদ্রোহ" (small-scale insurgency) বলে আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমস। শনিবার প্রকাশিত ও রোববার হালনাগাদ করা প্রতিবেদনে পত্রিকাটি বলেছে, এক সপ্তাহের বেশি সময় ধরে রাজনৈতিক সহিংসতায় অস্থির বাংলাদেশ; হাসিনার সমর্থকেরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন এবং ক্ষমতাসীন বিএনপির নেতা-কর্মী ও সমর্থকদের ওপর হামলা চালাচ্ছেন।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এই সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি ও এর সহযোগী সংগঠনের তিনজন এবং অগ্নিসংযোগে পুড়ে যাওয়া বাসের এক হেলপার রয়েছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা গণপরিবহন, থানা, একটি হাসপাতাল এবং বিএনপি নেতা-কর্মীদের বাড়িতে অগ্নিসংযোগ চালিয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, সহিংসতা সবচেয়ে তীব্র আকার ধারণ করে হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে। সেখানে বিক্ষোভকারীরা যান চলাচল ব্যাহত করেন, সরকারি সম্পত্তিতে হামলা চালান, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার সংযোগকারী প্রধান মহাসড়ক অবরোধ করেন। ৩৬ ঘণ্টা ধরে চলা এই অবরোধের পর শুক্রবার সকালে সড়কটি খুলে দেওয়া হয়। বিক্ষোভকারীরা অস্ত্র প্রদর্শন করেছেন, পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন এবং এক পুলিশ কর্মকর্তাকে মারধর করে আহত করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্যও স্থান পেয়েছে। তিনি হাসিনাকে "সন্ত্রাসী" ও "পলাতক অপরাধী" আখ্যা দিয়ে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি সরকারের দাবি পুনর্ব্যক্ত করেছেন। নিউইয়র্ক টাইমসের ভাষ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেছেন বলে প্রতীয়মান হয়েছে; এ সপ্তাহের শুরুতে তিনি বলেছিলেন, আন্দোলনকারীরা "সীমান্তের ওপার থেকে" নির্দেশ পাচ্ছেন।

পটভূমি হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভের ওপর প্রাণঘাতী দমন-পীড়নের পর ২০২৪ সালের আগস্টে হাসিনা ভারতে পালিয়ে যান। জাতিসংঘের হিসাবে ওই দমন-পীড়নে সর্বোচ্চ ১,৪০০ মানুষ নিহত হন। ২০২৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধে তাঁকে অনুপস্থিতিতে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।
 

বাংলাদেশ থেকে আরো পড়ুন