https://www.prothomalony.com/
18692
north-america
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬ ০৬:১৩
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হয়েছে ‘নিউ জার্সি স্টেট লিগ অব মিউনিসিপ্যালিটিজ’ এর বার্ষিক সম্মেলন। স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়ন, নগর পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটলান্টিক সিটি কনভেনশন সেন্টারে এই সম্মেলন চলে।
তিন দিনব্যাপী এ সম্মেলনে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল ও লেফটেন্যান্ট গভর্নর ছাড়াও অঙ্গরাজ্যটির বিভিন্ন শহরের মেয়র, কাউন্সিল সদস্য, নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। এ ছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যবসায়িক সংগঠন ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরাও এতে যোগ দেন।

সম্মেলনে স্থানীয় সরকার পরিচালনার বর্তমান চ্যালেঞ্জ, নগর উন্নয়ন, আবাসন, অবকাঠামো, জননিরাপত্তা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক সেবার মান বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একাধিক আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে শহরগুলোর উন্নয়নে নতুন প্রযুক্তি ও সেবার সম্ভাবনা তুলে ধরা হয়।
আয়োজনে অংশগ্রহণকারীরা নিজ নিজ শহরের উন্নয়ন পরিকল্পনা, সাফল্য ও সংকটের চিত্র তুলে ধরার পাশাপাশি অন্য পৌরসভাগুলোর অভিজ্ঞতা থেকে শেখার সুযোগ পান।
সম্মেলনে অংশ নেওয়া জনপ্রতিনিধি ও কর্মকর্তারা জানান, এই আয়োজন কেবল জনপ্রতিনিধিদের মিলনমেলা নয়, বরং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এ ধরনের উদ্যোগ তৃণমূল পর্যায়ে উন্নয়ন ও নাগরিক সেবার মান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন