https://www.prothomalony.com/
18690
north-america
প্রবাসে বাংলা গণমাধ্যম আর বইপড়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬ ২২:৫৭
দুই দিনব্যাপী পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬ শেষ হলো রোববার। ঐতিহ্যের নগরী ফিলাডেলফিয়ার আপার ডার্বি ঢাকা ক্লাব পার্টি সেন্টারে আয়োজিত এই মেলার সমাপনী দিনের প্রধান আকর্ষণ ছিল নির্বাচিত পত্রিকার সম্পাদক, রিপোর্টার, উপস্থাপক ও মিডিয়া কর্মীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান "সম্পাদকীয় আড্ডার আসর"। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই আড্ডায় প্রবাসে বাংলা সাংবাদিকতা,পাঠকসমাজ ও বইপড়ার ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা হয়।


পেনসিলভেনিয়া বইমেলা উদ্যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মেলার আহ্বায়ক কাজী সাখাওয়াত হোসেন ও সদস্য সচিব ফারুক আহমেদ ভূইয়া পলাশ। মেলার
মূলমন্ত্র ছিল "বই পড়ুন, জ্ঞান ছড়ান, সমৃদ্ধ সমাজ গড়ুন"। শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন প্রাবন্ধিক আহমাদ মাযহার। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন শিশুসাহিত্যিক ও কবি হুমায়ুন কবীর ঢালী, শিব্বির আহমেদ, মিলবোর্নের মেয়র মাহাবুবুল তায়েব ও আপার ডার্বির মেয়র এডওয়ার্ড
ব্রাউনসহ অনেকে। দুই দিন ধরে বইয়ের স্টলগুলোতে ছিল পাঠকের ভিড়; শিশুদের বইয়ের প্রতি আগ্রহ ছিল চোখে পড়ার মতো। মেলায় বাংলা সাহিত্য, দেশ ও
মানুষ, নারী ও সমাজ, স্মৃতি ও জীবন, চলচ্চিত্র ও নাটক, সংস্কৃতি ও বাংলা গল্পসহ নানা বিষয়ের বই ও আলোচনা ছিল। শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হয়
বাংলা থিয়েটারের প্রযোজনা এবং শিরীন বকুলের পরিচালনায় "মানুষ" নাটক। নাটকটি লিখেছেন মামুনুর রশীদ। পাশাপাশি ছিল আবৃত্তি, সংগীত, নৃত্য ও
সাহিত্য আলোচনা।

সম্পাদকীয় আড্ডায় বিশেষ অতিথি ছিলেন প্রথম আলো ইউএসএর সম্পাদক ইব্রাহীম চৌধুরী, টাইম টিভি নিউইয়র্কের সিইও ও বাংলা পত্রিকা নিউইয়র্কের সম্পাদক আবু তাহের এবং টাইম টিভি নিউইয়র্কের পরিচালক সৈয়দ খসরু। বিশেষ আলোচক ছিলেন বিএসিএফের পরিচালক মোহাম্মদ সোলাইমান ইবনে মজিব, ফিলাডেলফিয়া পত্রিকার সম্পাদক মোহাম্মদ ইসলাম আরিফ ও নিউইয়র্ক ভয়েস বাংলার সম্পাদক নাজমুল হাসান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলা নিউজ ফিলাডেলফিয়ার সম্পাদক শেখ মো.খোরশান।


আলোচনায় উঠে আসে উত্তর আমেরিকায় বাংলা গণমাধ্যমের বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ — ছাপা পত্রিকার টিকে থাকার সংগ্রাম, ডিজিটাল মাধ্যমের বিস্তার, বিজ্ঞাপন ও পৃষ্ঠপোষকতার সংকট এবং পেশাদার সাংবাদিকতার মান বজায় রাখার প্রশ্ন। বক্তারা বলেন, প্রবাসের নতুন প্রজন্মের কাছে বাংলা বই ও বাংলা সংবাদপত্র পৌঁছে দেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ; বইমেলার মতো আয়োজন সেই সেতুবন্ধনের কাজ করে। কমিউনিটি সাংবাদিকতার মাধ্যমে প্রবাসীদের সমস্যা ও সাফল্য তুলে ধরা এবং মূলধারার সঙ্গে প্রবাসী সমাজের যোগসূত্র গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তাঁরা।


রোববার রাত পর্যন্ত চলে মেলার সমাপনী দিনের আয়োজন। পেনসিলভেনিয়া ও আশপাশের অঙ্গরাজ্য থেকে আসা সাহিত্যপ্রেমী, লেখক, প্রকাশক ও পাঠকের
মিলনমেলায় পরিণত হয় দুই দিনের এই বইমেলা। অনুষ্ঠানের শেষ দিনে নতুন প্রজন্মের লোকজনের সাথে উপস্থিত ছিলেন উত্তর আমেরিকায় বাংলাদেশী
কমিউনিটির অন্যতম অগ্রসরজন অধ্যাপক ডা জিয়াউদ্দিন আহমেদ এবং ডা ফাতেমা আহমেদ।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন