https://www.prothomalony.com/

18637

literature

সাহিত্য

জলে ভাসা পদ্ম আমি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ ০০:৩৯

দীর্ঘ একটা ভেপুর শব্দ যেনো মাথার ভেতরে এসে ধাক্কা দিচ্ছিল। ঘুমটা তখনও পুরোপুরি ভাঙেনি। একটা ভারী, গম্ভীর শব্দ। চোখ খুলতেই খুব অদ্ভুত একটা অনুভূতি হল। সাতসকালে ভাইকিং সি ভেঁপু বাজাচ্ছে, তাহলে আমরা নিশ্চয়ই নেপলস বন্দরে পৌঁছে গেছি। ইতোমধ্যেই এই ভেঁপুর সাথে আমাদের পরিচয় ঘটেছে। এটা  জাহাজের ঘোষণা। সবাইকে জানানো যে, ‘আমরা বন্দরে পৌঁছে গেছি’ কিংবা ‘আমরা এখন বন্দর ছাড়ার জন্য প্রস্তুত’। ঘড়িতে সকাল আটটা। একেবারে অনটাইম। রোম থেকে নেপলস — মাত্র এক রাতের জলযাত্রা! 

আমি দ্রুত বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। বাবুল অলরেডি বারান্দায়।কারণ সে হল ভোরের পাখি। আর আমি আজীবন রাতের পেঁচা। আমাদের জীবন হল উত্তর আর দক্ষিন মেরুর মতো। এই দুই মেরু পৃথিবীরই অংশ। কিন্তু দুজনের অবস্থান বিপরীত দিকে। তবুও দুই অংশ দুদিক থেকে পৃথীবিকে জাপটে ধরে রেখেছে। যাইহোক, সে তার সকালের চায়ের কাপ নিয়ে জাহাজের নোঙ্গর করা দেখছে।জাহাজ আস্তে আস্তে নেপলস বন্দরের দিকে এগোচ্ছে।বন্দরের যত কাছে যাচ্ছে, তত শব্দ বাড়ছে। নেপলস মনে হচ্ছে বেশ ব্যস্ত বন্দর। চারপাশে ছোট মাছ ধরার নৌকা, ফেরি, টেন্ডার বোট। দূর থেকে ভেসে আসছে চার্চের ঘণ্টা, মাছের বাজারের হাঁকডাক। গাংচিলগুলো জাহাজের সাথে সাথে উড়ছে, যেন তারা আমাদের স্বাগত জানাতে এসেছে।

বাবুল বললো, ‘ঐযে, ভিসুভিয়াস পাহাড়’। আরে, তাইতো।দূরে তাকাতেই চোখে পড়লো কুয়াশার ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে আছে ভিসুভিয়াস। আর তার নিচে, পাহাড়ের  কোলে সাজানো রঙিন বাড়িগুলো। হলুদ, লাল, নীল, গোলাপি, সাদা। ছোট ছোট জানালা, কাপড় শুকাতে দেওয়া বারান্দা। সমুদ্র আর পাহাড়ের গায়ে গায়ে লেগে থাকা একটা পুরনো শহর। যেন কেউ হাতে ছবি এঁকেছে। কে বলবে এই শান্ত পাহাড়টাই অনেক বছর আগে এমনি একটা সুন্দর সাজানো শহরকে ছাইচাপা দিয়েছিল। অথচ সেই একই পাহাড় এখন মায়ের মতোই আগলে নেপলস শহরকে পাহারা দিচ্ছে। 

ভেঁপুর শব্দটা ভিসুভিয়াসে ধাক্কা খেয়ে আবার যেনো ফিরে এলো। জেটিতে শব্দ করে নোঙ্গর নামলো।জাহাজটা একটু কেঁপে উঠে থেমে গেল। সারারাত আমরা অথৈ জলে ভাসছিলাম।এবার আমাদের মাটির সাথে থিতু হওয়ার সময়।আমি ডেকের রেলিং ধরে দাঁড়িয়ে আছি। সাগরের মাঝখানে ধীরে ধীরে একটা শহর যেনো ঘুম ভেঙ্গে জেগে উঠছে।

আমাদের পাশেই Costa Toscana নামের আরেকটা জাহাজ নোঙর করে দাঁড়িয়ে আছে। আমি আমাদের কেবিনের ডানেবামে তাকালাম। সবাই যার যার ব্যালকনি থেকে  ছবি তুলছে। কারও কারও হাতে বাইনোকুলার। মনে পড়ল, রুম অ্যাটেন্ডেড বলেছিল, টেবিলের ড্রয়ারে বাইনোকুলার রাখা আছে। ইচ্ছে করলেই দূরের জিনিস দেখতে পাবো। আমি তাড়াতাড়ি বাইনোকুলারটা নিয়ে এলাম। খুব কাছ থেকে ভিসুভিয়াসকে দেখবো বলে।

সূর্য আলো ছড়াতে শুরু করেছে। সকালের রোদ বারান্দায় এসে লুটোপুটি খাচ্ছে। বাইনোকুলার চোখে লাগিয়ে ভিসুভিয়াসকে দেখছি।একপাশে খোলা সমুদ্র, আর মাঝখানে আমি। মনে হচ্ছে, ক্রুজের সবচেয়ে সুন্দর সময় হলো, ধীরে ধীরে একটা শহরের বুকে এসে নোঙ্গর করা। 

পাঁচ আগস্ট, আজ ইটালিতে আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ছিলাম রোমে। আজ সকাল শুরু হল নেপলস এ। রোম থেকে সারা রাত জাহাজ চলেছে নেপলস এর পথে। সাগরভ্রমণের যে ভীতি এবং আরষ্ঠতা ছিল, তা কাটতে শুরু করেছে। রাতে হালকা দুলুনি ছাড়া তেমন কিছুই টের পাইনি। 

সূর্যদোয় হয়েছে অনেকক্ষণ আগে। সূর্যদেব ধ্যানে বসে সকালের মেডিটেশনটা সেরে নিচ্ছেন। এদিকে সাগরের জলে লুকোচুরি খেলছে সূর্যের লাল টকটকে প্রতিবিম্ব। খানিকক্ষণ পরেই দিনের ব্যস্ততা শুরু হয়ে যাবে। আমরা হাতমুখ ধুয়ে ব্রেকফাস্ট খেতে সাততলায় ওয়াল্ড ক্যাফেতে রওনা হলাম। ব্রেকফাস্ট টাইম সকাল ৬টা - ১০টা। মনে হল ভেতরটা বেশ জমজমাট। ইতোমধ্যেই অনেকগুলো টেবিল বুক হয়ে গেছে।আমরা জানলার ধারের দুজনের একটা টেবিলে গিয়ে বসলাম। খাবার আনতে যাওয়ার আগে টেবিলের উপর ফোন, চশমা এবং ব্যাগ রেখে জানান দিলাম যে টেবিলটা অলরেডি টেকেন।

মেইড-টু-অর্ডার স্টেশনে অর্ডার করলে একেবারে ফ্রেস অমলেট, এগ বেনেডিক্ট বানিয়ে দেয়। তাই এখানে ভিড়ও বেশী। তাছাড়া সেদ্ধ ডিম, বেকন, সসেজ, সালমন, চিজ, দই, সিরিয়াল, ওটমিল, সাথে কনজি আর গ্রিটসও সাজানে আছে।জাহাজের কিচেনেই বেকারী আছে। তারা ব্রেড, ক্রোয়াসেন্ট নিজেরাই বানায়। 

আমাদের জন্য শ্রিম্প, স্পিনেচ, অনিয়ন, ডাবল বেল পেপার এবং মাশরুম সহ দুটো অমলেট অর্ডার করলাম। বাবুল নিজের জন্য এক বাটি ওটস নিলো।সিদ্ধ করা ওটস আমার তেমন পছন্দ নয়। তাই আমি সসেজ এবং পরিজ নিলাম। সেগুলো টেবিলে রেখে ফ্রেস জুস এবং স্মুথির সেকশনে গেলাম। জুসের স্টেশনটা বেশ সুন্দর সাজানো। স্বচ্ছ কাঁচের জারে কমলা, গ্রেপফ্রুট, আপেল, ক্র্যানবেরি, আনারস এবং টমেটো জুসের বাহারি রং যেনো কেবিনেটকে আলোকিত করে তুলেছে। একটু দূরে, পৃথক করে রাখা দুটো কাঁচের জার আমার মনোযোগ আকর্ষণ করলো। এটা হল ডেইলি স্মুদি কর্নার। প্রতিদিনই নাকি এখানে কলা, বেরি, আম এবং পেঁপে দিয়ে ফলের স্মুদি হয়।আরেকটা হয় গ্রিন স্মুদি। শসা, পালং শাক, আপেল, আদা, লেবু দিয়ে বানানো। দুটো সুদৃশ্য সুঠাম শরীরের লাল, সবুজ কাঁচের জগ  সেক্সি ভঙ্গিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে। আহা…এই তরল পানীয় ঘরে বানিয়ে খাওয়ার ঝক্কি তুলনা রহিত। কিনে খেলে কচকচে ডলার গুণতে হয়। অথচ এখানে চাহিবামাত্র গ্রাহককে দিতে তারা বাধ্য। প্রতিজ্ঞা করলাম, প্রতি ভোরে এদেরকে আমার চাই-ই-চাই! প্রায় হাভাতের মতোই আমি নিজের জন্য লাল এবং সবুজ দু’গ্লাস নিলাম। বাবুলের জন্য শুধু একগ্লাস ফলের স্মুদি নিয়ে টেবিলে ফিরে এলাম। ইতোমধ্যে ওয়েটার টেবিলে কফিপট, সুগার এবং মিল্ক রেখে গেছে।কীযে করি! এখন আগে কফি না আগে স্মুদি ডিসাইড করাই বিড়ম্বনা। আমি শান্ত হয়ে বসে, দু’ধরনের স্মুদিই টেস্ট করে দেখলাম। একদম পারফেক্ট। না বেশি মিষ্টি, না বিস্বাদ! এখন থেকে প্রতি সকালে ডেকের পাশে বসে, নতুন নতুন বন্দেরের  দিকে তাকিয়ে, এক গ্লাস গ্রিন এবং লাল স্মুদি, এটাই হবে আমার সকালের ভাইকিং মুহূর্ত।

 

স্মুদি শেষ করতে না করতেই মেইড-টু-অর্ডার স্টেশন থেকে আমাদের ওমলেট নেওয়ার জন্য ডাক পড়ে গেলো। সেই ওমলেটের যে কী বাহারি রং, কী রূপ-লাবন্য না দেখলে কেউ বিশ্বাস করতে চাইবে না। আমি নিজে বাসায় চেষ্টা করলে এর ধারেকাছে হবে কিনা সন্দেহ আছে। আহা! এত্ত সুখ, এত্ত আদর-আপ্যায়নে আমরা একেবারে আনন্দে টইটুম্বুর হয়ে আছি।

 

ব্রেকফাস্ট শেষ করে, গরম কফিতে চুমুক দিতে দিতে ব্যাগ থেকে ভাইকিং ডেইলি টা বের করে আজকের দিনের কর্মসূচিতে চোখ বুলালাম। আজ দুপুর ১টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত আমাদের গাইডেড ট্যুর আছে। Naples On Foot  অথাৎ গাইডের সাথে পায়ে হেঁটে সিটি দেখা। তারপর হয় গাইডের সাথে জাহাজে ফিরে আসতে হবে নয়তো মন চাইলে নিজের উপর ভরসা করে, নিজ দায়িত্বে শহর ঘোরা যাবে। কিন্তু যেকরেই হোক সাড়ে পাঁচটার মধ্যে জাহাজে এসে রিপোর্ট করতে হবে। অন্যথায় জাহাজ আমাদের রেখেই ঠিক ৬ টায় নোঙ্গর তুলে নতুন গন্তব্যে যাত্রা করবে। 

আমি আর বাবুল সিদ্ধান্ত নিলাম, আমরা সুবোধ বালকের মতোই আমাদের গাইডের সাথে জাহাজে ফিরে আসবো। কারণ আমি একা সলো ভ্রমণ করলে যেকোনো একটা দলে ভীরে যেতে পারতাম। যেহেতু বাবুলের ইদানিং শোনার সমস্যা হচ্ছে,  এছাড়া এমন ভীতুর ডিম মানুষকে নিয়ে অ্যাডভেন্চার না করাই যুক্তিযুক্ত। ওয়াকিং ট্যুরে যাওয়ার আগে  আমাদের হাতে প্রায় তিন ঘন্টা সময় আছে। এই সময়টুকুতে  কি করা যায় ভাবতে ভাবতে রুমে ফিরে এলাম। 

বাবুল আধা ঘন্টার জন্য জিমে যাবে মনস্ত করলো। আমিও প্লান করলাম শাওয়ার করার আগে সুইমিংপুলে নেমে খানিকক্ষণ সাঁতার প্রাকটিস করা যেতে পারে। সুতরাং চুলগুলো উঁচু করে খোঁপায় বেঁধে সুইমিং কস্টিউমের উপর রুমে গেস্টদের জন্য রাখা সাদা বাথরোব এবং সাদা ম্যাচিং স্লিপার পরে আবারও সাততলার  ফিরে এলাম। 

ওয়ার্ল্ড ক্যাফের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে পেছনের কাচের দরজাটা খুলে অ্যাকোয়াভিট টেরেসে বের হতেই মনে হল যেনো একটা খোলা ছাদে এসে দাঁড়ালাম। ভাইকিং সি ক্রুজে দুটো সুইমিং পুল আছে। ডেক সেভেনেরই একদম শেষ প্রান্তে এটা হলো ইনফিনিটি পুল। মেইন বড় পুলটা জাহাজের সামনের দিকে। উইন্টার গার্ডেন এবং ওয়াল্ড ক্যাফের  মাঝামাঝি। ভাবছি আরেকদিন মেইন পুলে যাবো।

ইনফিনিটি পুলের পেছনের দিকটা কাচের মতো স্বচ্ছ। দেখলে মনে হয়  পুলের পানি আর সমুদ্রের পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। ইনফিনিটি পুলটা মনে হচ্ছে ভালোই গভীর, প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি। আর এটার কোনো অগভীর দিকও নেই। পুরোটাই সমান গভীর। সম্ভবত এই কারণে যারা জলে দাঁড়িয়ে গল্প করছে তারা কিনারাটা ধরে দাড়িয়েছে।আমি যেহেতু নবিস সাঁতারু, তাই জলের গভীরতা দেখে প্রমাদ গুনলাম। আমাকে ইতস্তত করতে দেখে কেউ কেউ উত্সাহিত করলো জলে নামতে। আমি খুব ভয়ে ভয়ে সিঁড়ির পাদানির শেষ ধাপ পর্যন্ত নামলাম। তারপর রেলিংয়ের রড ধরে পুলের তলায় পা রাখতেই জল আমার থুতনি পর্যন্ত উঠে এলো। মনে হলো চোখের সামনে শুধু খোলা সমুদ্র আর উপরে উন্মুক্ত আকাশ। আমি আতংঙ্কিত হয়ে আবার সিঁড়িতে উঠে এলাম। বুঝলাম, ইনফিনিটি পুলে সাঁতার কাটা আমার জন্য নয়। আমার জায়গা পানির পাশে।

আমি উপরে উঠে পুলের কিনারে পা ঝুলিয়ে বসে পড়লাম। এখনও পুল এবং পুলসাইড গ্রিল সেভাবে জমে ওঠেনি। এত বিশাল জাহাজের প্রতি ফ্লোরে, প্রতি কোনায় কোনায় এতোসব আয়োজন যে গেস্টরা আমাদের মতোই কখন কোথায় যাবে তাই ভেবে খাবি খাচ্ছে। অনেকে এখনও জাহাজের সব ফেসেলিটির সাথে পরিচিত হয়ে উঠতে পারেনি। কিংবা অনেকেই তাদের নেপলস ট্যুরে বেরিয়ে পড়েছে।  

পুলের পাশের সান লাউঞ্জারগুলো বিলাসবহুল হোটেলের মতোই সাজানো। প্রায় এগারোটা বাজে। মাত্রই পুলের পাশের ছোট্ট কাউন্টার, পুল গ্রিল ওপেন করা হয়েছে। গ্রিল থেকে বার্গারের গন্ধ আসতে শুরু করলো।

পুল গ্রিল হলো দুপুর এবং বিকালের হালকা খাবারের জায়গা।গরম গরম বার্গার, সাথে ফ্রেঞ্চ ফ্রাই, গ্রিল করা মাছ, চিকেন স্যান্ডউইচ, হট ডগ, পিৎজা পরিবেশন করা হচ্ছে। পাশে নিজের মতো করে স্যালাড বানিয়ে নেওয়ার জন্য একটা ছোট স্যালাড বারও আছে। আমি উঠে গিয়ে একটা বিফ-বার্গার নিয়ে এলাম। পুলের পানিতে পা ভিজিয়ে বসে, হাতে বার্গার, সামনে সমুদ্র।আহা কি আনন্দ আকাশে বাতাসে। 

ওয়ার্ল্ড ক্যাফেতে ভরপেট ব্রেকফাস্ট খাওয়ার পর পেটে তেমন জায়গা নেই। তবুও চোখের ক্ষুধা মেটাতেই আরেক দফা খেলাম। কেউ পুলে সাঁতার কাটছে। কেউ চেয়ারে শুয়ে বই পড়ছে। কেউ মজা করে গরম গরম স্টেক কিংবা বার্গারে কামড় দিচ্ছে। 

ওয়েটারের কাছে একটা মার্গারিটা চেয়ে নিলাম। গ্লাসে চুমুক দিতে দিতে সমুদ্র আর বন্দের দৃশ্য দেখছি। পাশের জলপরীদের টুকটাক কথা শুনছি।আলগোছে তাকিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা ভিসুভিয়াসকে দেখছি। জীবনে এমন অপার্থিব সময় এবং দৃশ্য দেখার সৌভাগ্য খুব কম মানুষের হয়। মনে মনে কেবল ঈশ্বরকে নয়, আমার ছেলেদেরও ধন্যবাদ দিলাম, এই ভ্রমণকে সম্ভবপর করার জন্য।

সাহিত্য থেকে আরো পড়ুন