https://www.prothomalony.com/

18649

religion

ধর্ম

পাপাচারে লিপ্ত হওয়ার ক্ষতিকর প্রভাব

খতীব, নূরে মদীনা জামে মসজিদ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। 

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ০০:৪৪

মানুষের জীবনকে সুন্দর, পবিত্র ও কল্যাণময় করার জন্য ইসলাম যে বিষয়গুলোর প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে, তার অন্যতম হলো পাপমুক্ত জীবন গঠন। মানুষের স্বভাবের মধ্যে ভালো ও মন্দ—উভয় প্রবণতাই রয়েছে। তবে আল্লাহ তাআলা মানুষকে বিবেক, বুদ্ধি এবং সঠিক পথনির্দেশনা দিয়ে সত্য ও মিথ্যার পার্থক্য বুঝিয়ে দিয়েছেন। একজন মুমিনের দায়িত্ব হলো আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখা। কিন্তু মানুষ যখন প্রবৃত্তির অনুসরণে আল্লাহর বিধান অমান্য করে পাপাচারে জড়িয়ে পড়ে, তখন তার ব্যক্তিগত জীবন, পারিবারিক পরিবেশ, সামাজিক সম্পর্ক এবং আখিরাতের জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পাপ কখনো একক কোনো অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না; বরং তা ধীরে ধীরে মানুষের অন্তর, চিন্তা-চেতনা ও নৈতিকতাকে প্রভাবিত করে। তাই পাপের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন হওয়া এবং তা থেকে বেঁচে থাকার চেষ্টা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য।

আল্লাহ তাআলা ও তাঁর রাসূল (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর নির্দেশনার বিরোধিতা করে কোনো নিষিদ্ধ কাজে লিপ্ত হওয়াই পাপাচার। মিথ্যা বলা, গীবত করা, পরনিন্দা, হিংসা, প্রতারণা, সুদ-ঘুষ গ্রহণ, অন্যের সম্পদ আত্মসাৎ, অশ্লীলতা, ব্যভিচার, মাদক গ্রহণ, জুলুম এবং মানুষের অধিকার নষ্ট করা—সবই পাপের অন্তর্ভুক্ত। পাপের ভয়াবহতা শুধু বড় অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং ছোট পাপকেও অবহেলা করতে করতে মানুষ একসময় বড় অপরাধে জড়িয়ে পড়তে পারে।

আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা প্রকাশ্য ও গোপন পাপ পরিত্যাগ করো। নিশ্চয়ই যারা পাপ অর্জন করে, তাদের কৃতকর্মের প্রতিফল তাদের দেওয়া হবে।’ (সূরা আল-আন‘আম, ৬:১২০)। এ আয়াত থেকে বোঝা যায়, প্রকাশ্যে কিংবা গোপনে—কোনো অবস্থাতেই পাপকে হালকা করে দেখার সুযোগ নেই। কারণ মানুষ অন্যের কাছ থেকে নিজের অপরাধ গোপন করতে পারলেও আল্লাহর কাছ থেকে কিছুই গোপন করতে পারে না। তিনি মানুষের প্রকাশ্য ও গোপন সব কাজ সম্পর্কে অবগত।

পাপাচারের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়ে মানুষের অন্তরে। মানুষ যখন বারবার পাপ করতে থাকে, তখন তার অন্তর ধীরে ধীরে কঠিন হয়ে যায়। ভালো কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং অন্যায় কাজকে স্বাভাবিক মনে হতে থাকে। প্রথমবার কোনো পাপ করলে মানুষের মনে অনুশোচনা সৃষ্টি হয়; কিন্তু একই পাপে বারবার লিপ্ত হলে একসময় সেই অনুশোচনাও দুর্বল হয়ে পড়ে। ফলে পাপ থেকে ফিরে আসার মানসিকতা হারিয়ে যায়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘বান্দা যখন কোনো পাপ করে, তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে। যদি সে তাওবা করে, পাপ থেকে বিরত থাকে এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তর পরিষ্কার করে দেওয়া হয়। আর যদি সে পাপ বাড়িয়ে দেয়, তাহলে সেই দাগও বৃদ্ধি পেতে থাকে।’ (জামে‘ আত-তিরমিযী, হা. ৩৩৩৪)। অর্থাৎ পাপ মানুষের অন্তরকে কলুষিত করে এবং ঈমানি অনুভূতিকে দুর্বল করে দেয়।

পাপাচারের আরেকটি বড় ক্ষতি হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক দুর্বল হয়ে যাওয়া। একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। কিন্তু পাপের প্রতি আসক্তি মানুষের অন্তরে আল্লাহভীতি কমিয়ে দেয়। নামায, কুরআন তিলাওয়াত, যিকির ও অন্যান্য ইবাদতে আগ্রহ হ্রাস পায়। অনেক সময় মানুষ বাহ্যিকভাবে ইবাদত করলেও অন্তরে তার প্রভাব অনুভব করতে পারে না। অথচ আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই সৎকর্মসমূহ অসৎকর্মগুলোকে দূর করে দেয়।’ (সূরা হূদ, ১১:১১৪)। এ আয়াত আমাদের শিক্ষা দেয়, পাপের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর দিকে ফিরে আসা জরুরি।

পাপাচার মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও অশান্তি সৃষ্টি করে। মিথ্যা, প্রতারণা, পরকীয়া, সুদ-ঘুষ, অন্যের অধিকার হরণ এবং পারিবারিক দায়িত্বে অবহেলা—এসব অপরাধের কারণে মানুষের মধ্যে বিশ্বাস ও ভালোবাসা নষ্ট হয়। স্বামী-স্ত্রীর সম্পর্ক, পিতা-মাতার সঙ্গে সন্তানের সম্পর্ক এবং আত্মীয়স্বজনের পারস্পরিক বন্ধন দুর্বল হয়ে পড়ে। যে পরিবারে আল্লাহর ভয় ও নৈতিকতার চর্চা থাকে না, সেখানে অনেক সময় স্বার্থপরতা, সন্দেহ, হিংসা ও অশান্তি জায়গা করে নেয়। ফলে পরিবারে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট হয়।

সামাজিক জীবনেও পাপাচারের প্রভাব অত্যন্ত ভয়াবহ। সমাজের মানুষ যখন মিথ্যা, ঘুষ, দুর্নীতি, জুলুম ও প্রতারণায় অভ্যস্ত হয়ে পড়ে, তখন পারস্পরিক আস্থা নষ্ট হয়। যোগ্য ব্যক্তি তার অধিকার থেকে বঞ্চিত হয়, দুর্বল মানুষ শক্তিশালীর অত্যাচারের শিকার হয় এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘মানুষের কৃতকর্মের কারণে স্থলে ও সমুদ্রে বিপর্যয় ছড়িয়ে পড়েছে।’ (সূরা আর-রূম, ৩০:৪১)। অর্থাৎ মানুষের অন্যায় ও পাপাচার সমাজ ও পরিবেশে নানা বিপর্যয়ের কারণ হতে পারে। তবে মানুষের জীবনে আসা প্রতিটি বিপদ বা অসুস্থতাকে নির্দিষ্ট কোনো ব্যক্তির পাপের শাস্তি বলে মনে করা সঠিক নয়; কখনো তা পরীক্ষা, কখনো সতর্কবার্তা, আবার কখনো আল্লাহর বিশেষ হিকমতের অংশ হতে পারে।

পাপাচার মানুষের আত্মিক প্রশান্তিও নষ্ট করে দেয়। পাপী ব্যক্তি অনেক সময় বাহ্যিকভাবে সম্পদ, সম্মান ও সুখ-স্বাচ্ছন্দ্যের অধিকারী হলেও অন্তরে অস্থিরতা অনুভব করে। অপরাধবোধ, ভয়, দুশ্চিন্তা ও গোপনীয়তা রক্ষার চাপ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। পক্ষান্তরে আল্লাহর স্মরণ মানুষের অন্তরে প্রশান্তি সৃষ্টি করে। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে।’ (সূরা আর-রা‘দ, ১৩:২৮)। সুতরাং প্রকৃত প্রশান্তি পাপের পথে নয়; বরং আল্লাহর আনুগত্য ও পবিত্র জীবনযাপনের মধ্যেই নিহিত।

পাপাচারের সবচেয়ে ভয়াবহ পরিণতি হলো আখিরাতের ক্ষতি। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরস্থায়ী। যে ব্যক্তি পাপের প্রতি অবহেলা প্রদর্শন করে এবং তাওবা না করে মৃত্যুবরণ করে, সে আল্লাহর শাস্তির ঝুঁকির মধ্যে পড়ে। তবে শিরক ছাড়া অন্যান্য পাপের ক্ষেত্রে আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, আবার চাইলে শাস্তিও দিতে পারেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাঁর সঙ্গে শিরক করাকে ক্ষমা করেন না এবং এর চেয়ে নিম্ন পর্যায়ের পাপ যাকে ইচ্ছা ক্ষমা করেন।’ (সূরা আন-নিসা, ৪:৪৮)। তাই কোনো পাপকে অবহেলা করা যেমন উচিত নয়, তেমনি আল্লাহর রহমত থেকেও নিরাশ হওয়া যাবে না।

পাপ থেকে বেঁচে থাকার প্রথম উপায় হলো অন্তরে আল্লাহভীতি সৃষ্টি করা। মানুষ যখন বিশ্বাস করে যে, আল্লাহ সর্বাবস্থায় তাকে দেখছেন এবং তার প্রতিটি কাজের হিসাব গ্রহণ করবেন, তখন সে গোপনেও পাপ থেকে বিরত থাকার চেষ্টা করে। দ্বিতীয়ত, নিয়মিত নামায আদায়, কুরআন অধ্যয়ন, যিকির ও নেক আমলের মাধ্যমে নিজের ঈমানকে শক্তিশালী করতে হবে। তৃতীয়ত, খারাপ সঙ্গ ও পাপের পরিবেশ থেকে দূরে থাকতে হবে। কারণ মানুষের চরিত্র গঠনে সঙ্গীর প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চতুর্থত, কোনো পাপে জড়িয়ে পড়লে হতাশ না হয়ে দ্রুত তাওবা করতে হবে। পাপ ছেড়ে দেওয়া, অনুতপ্ত হওয়া এবং ভবিষ্যতে তা না করার দৃঢ় সংকল্প করাই তাওবার গুরুত্বপূর্ণ শর্ত। আর কারও অধিকার নষ্ট করে থাকলে যথাসম্ভব তা ফিরিয়ে দিতে হবে অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে।

আল্লাহ তাআলা বলেন, ‘হে আমার বান্দারা! যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন। তিনি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা আয-যুমার, ৩৯:৫৩)। এ আয়াত পাপী মানুষের জন্য আশার এক বিশাল দ্বার উন্মুক্ত করে দিয়েছে। তাই অতীতের পাপ যত বড়ই হোক, আন্তরিক তাওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে আসার সুযোগ রয়েছে।

পাপাচার মানুষের ঈমান, চরিত্র, ব্যক্তিগত জীবন, পরিবার ও সমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি মানুষের অন্তরকে কলুষিত করে, ইবাদতের স্বাদ নষ্ট করে এবং দুনিয়া ও আখিরাতের কল্যাণ থেকে বঞ্চিত করে। তাই একজন সচেতন মুমিনের উচিত ছোট-বড় সব ধরনের পাপ থেকে নিজেকে রক্ষা করা এবং ভুল হয়ে গেলে দ্রুত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। মনে রাখতে হবে, প্রকৃত সফলতা অধিক সম্পদ বা সামাজিক মর্যাদায় নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পাপমুক্ত জীবন গঠনের মধ্যেই নিহিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাপাচার থেকে বেঁচে থাকার এবং আন্তরিকভাবে তাঁর পথে ফিরে আসার তাওফীক দান করুন। আমীন।

আযান ও ইক্বামতের গুরুত্ব ও ফযীলত

মো: মেহেদী হাসান 

শিক্ষার্থী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম। 

আযান ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি মহান আল্লাহর বড়ত্ব, একত্ব ও রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রিসালাতের এক অনন্য ঘোষণা। প্রতিদিন পাঁচবার মসজিদের মিনার থেকে ভেসে আসা আযানের ধ্বনি মুসলিম হৃদয়ে ঈমানের চেতনা জাগ্রত করে এবং মানুষকে দুনিয়াবি ব্যস্ততা ছেড়ে মহান আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানায়। আযান কেবল ছালাতের সময় জানানোর মাধ্যম নয়; বরং এটি তাওহীদ, রিসালাত ও ইসলামের শ্রেষ্ঠ ইবাদতের প্রতি আহ্বান। অনুরূপভাবে ইক্বামত জামা‘আতে ছালাত শুরু হওয়ার চূড়ান্ত ঘোষণা। পবিত্র কুরআন ও ছহীহ হাদীছে আযান ও ইক্বামতের গুরুত্ব এবং ফযীলত বর্ণিত হয়েছে। নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হ’ল।

‘আযান’ শব্দের অর্থ ঘোষণা করা, অবহিত করা বা আহ্বান জানানো। পারিভাষিক অর্থে নির্ধারিত সময়ে নির্দিষ্ট বাক্যসমূহের মাধ্যমে ছালাতের জন্য উচ্চকণ্ঠে আহ্বান করাকে আযান বলা হয়। হিজরতের পর মদীনায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেলে ছালাতের সময় সবাইকে একত্র করার প্রয়োজন দেখা দেয়। প্রথমদিকে মুসলমানরা সময় অনুমান করে মসজিদে সমবেত হতেন; কিন্তু ছালাতের জন্য নির্দিষ্ট কোনো আহ্বান ছিল না। একদিন এ বিষয়ে ছাহাবীগণ পরামর্শে বসেন। কেউ খ্রিষ্টানদের মতো ঘণ্টা বাজানোর, আবার কেউ ইহুদীদের মতো শিঙা ফুঁকানোর প্রস্তাব দেন। কিন্তু কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়। পরদিন আব্দুল্লাহ ইবনু যায়েদ (রা.) স্বপ্নে আযানের প্রচলিত শব্দগুলো দেখতে পান। তিনি রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে বিষয়টি জানালে তিনি স্বপ্নটিকে সত্য বলে স্বীকৃতি দেন এবং উচ্চকণ্ঠের অধিকারী বিলাল (রা.)-কে আযান দেওয়ার নির্দেশ দেন। (আবূ দাঊদ, হা/৪৯৯; বুখারী, হা/৬০৪; মুসলিম, হা/৩৭৭)।

আযান মুসলিম উম্মাহর স্বতন্ত্র নিদর্শন। এর মাধ্যমে আল্লাহর একত্ব, তাঁর বড়ত্ব এবং মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর রিসালাতের ঘোষণা দেওয়া হয়। মহান আল্লাহ বলেন, ‘আর যখন তোমরা ছালাতের জন্য আহ্বান কর, তখন তারা একে উপহাস ও খেলাচ্ছলে গ্রহণ করে। কারণ তারা এমন সম্প্রদায়, যারা বুঝে না।’ (সূরা আল-মায়েদাহ, ৫/৫৮)। এ আয়াত থেকে বোঝা যায়, আযান ইসলামী সমাজের একটি গুরুত্বপূর্ণ পরিচয়, যা মুমিন ও অবিশ্বাসীদের মধ্যে পার্থক্য প্রকাশ করে।

আযান মানুষকে দুনিয়ার ক্ষণস্থায়ী ব্যস্ততা থেকে মুক্ত হয়ে চিরস্থায়ী সফলতার পথে আহ্বান করে। বিশেষত জুমু‘আর আযানের ব্যাপারে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মুমিনগণ! জুমু‘আর দিনে যখন ছালাতের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য ছেড়ে দাও। এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা জানতে।’ (সূরা আল-জুমু‘আ, ৬২/৯)। সুতরাং আযানের আহ্বান শোনার পর দুনিয়াবি কাজের চেয়ে আল্লাহর ইবাদতকে প্রাধান্য দেওয়া মুমিনের দায়িত্ব।

আযান অত্যন্ত মর্যাদাপূর্ণ কথা। কেননা এতে আল্লাহর বড়ত্বের ঘোষণা, তাওহীদের সাক্ষ্য এবং ছালাতের দিকে আহ্বান রয়েছে। মহান আল্লাহ বলেন, ‘ঐ ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা আর কার হতে পারে, যে আল্লাহর দিকে আহ্বান করে, সৎকর্ম করে এবং বলে, নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত।’ (সূরা হা-মীম সাজদাহ, ৪১/৩৩)। আযানদাতা এই মহান দায়িত্ব পালন করেন। তাই আযান দেওয়া নিছক একটি দায়িত্ব নয়; বরং এটি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার মর্যাদাপূর্ণ আমল।


আযানের আরেকটি বিশেষ ফযীলত হলো, এর ধ্বনি শুনে শয়তান পালিয়ে যায়। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যখন ছালাতের জন্য আযান দেওয়া হয়, তখন শয়তান পৃষ্ঠপ্রদর্শন করে পালিয়ে যায়, যাতে সে আযানের শব্দ শুনতে না পায়। আযান শেষ হলে সে আবার ফিরে আসে। অতঃপর ইক্বামত দেওয়া হলে আবার পালিয়ে যায়।’ (বুখারী, হা/৬০৮; মুসলিম, হা/৩৮৯)। এ হাদীছ থেকে আযানের মর্যাদা ও শয়তানের ওপর এর প্রভাব স্পষ্টভাবে প্রতীয়মান হয়।

আযানদাতার জন্য ক্বিয়ামতের দিন বিশেষ সম্মান ও মর্যাদা রয়েছে। আবূ সাঈদ খুদরী (রা.) এক ব্যক্তিকে বলেছিলেন, তুমি যখন নির্জন স্থানে অবস্থান করবে, তখন উচ্চকণ্ঠে আযান দেবে। কেননা জিন, মানুষ এবং যে কোনো সৃষ্টি আযানের আওয়াজ যতদূর শুনবে, ক্বিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে। (বুখারী, হা/৬০৯; মুসলিম, হা/৩৮৯)। অর্থাৎ আযানদাতার কণ্ঠস্বর যতদূর পৌঁছাবে, ততদূর পর্যন্ত সৃষ্টিজগতের সাক্ষ্য তার আমলনামায় যুক্ত হবে।

আযানের জবাব দেওয়ারও বিরাট ফযীলত রয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ‘তোমরা যখন মুয়াযযিনের আযান শুনবে, তখন সে যা বলে তোমরাও অনুরূপ বলবে। তবে সে যখন “হাইয়্যা আলাছ-ছালাহ” ও “হাইয়্যা আলাল-ফালাহ” বলবে, তখন তোমরা “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ” বলবে।’ অতঃপর আযানের শেষে আন্তরিকতার সঙ্গে কালিমা পাঠকারী জান্নাতে প্রবেশ করবে। (মুসলিম, হা/৩৮৫)। তাই আযান চলাকালে অপ্রয়োজনীয় কথাবার্তা বন্ধ রেখে মনোযোগের সঙ্গে জবাব দেওয়া উচিত।

‘ইক্বামত’ অর্থ দাঁড় করানো বা প্রতিষ্ঠিত করা। ছালাতের জামা‘আত শুরু হওয়ার আগে মুছল্লীদের কাতারবদ্ধ হয়ে ছালাতের প্রস্তুতি গ্রহণের জন্য যে ঘোষণা দেওয়া হয়, তাকে ইক্বামত বলা হয়। আযানের মাধ্যমে দূরবর্তী মুসল্লিদের ছালাতের জন্য আহ্বান করা হয়, আর ইক্বামতের মাধ্যমে উপস্থিত মুসল্লিদের ছালাত শুরু হওয়ার সংবাদ দেওয়া হয়। আযান ও ইক্বামত উভয়ই ছালাতের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত গুরুত্বপূর্ণ আমল। (আবূ দাঊদ, হা/৫১৭; নাসাঈ, হা/৬৬৭-৬৬৮)।

ইক্বামতের সময়ও দো‘আ কবুলের বিশেষ সুযোগ রয়েছে। রাসূলুল্লাহ (ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত হয়েছে, ‘যখন ছালাতের জন্য ইক্বামত দেওয়া হয়, তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং দো‘আ কবুল করা হয়।’ (আহমাদ, হা/১৪৭৩০; আত-তারগীব ওয়াত-তারহীব, হা/২৬০)। তাই ইক্বামতের সময় মুমিনের উচিত দুনিয়াবি চিন্তা-ভাবনা পরিহার করে একাগ্রচিত্তে ছালাতের প্রস্তুতি নেওয়া এবং আল্লাহর কাছে দো‘আ করা।

আযান ও ইক্বামত মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। আযানের মাধ্যমে প্রতিদিন পাঁচবার তাওহীদ ও রিসালাতের ঘোষণা দেওয়া হয় এবং মানুষকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়। অন্যদিকে ইক্বামত ছালাতের জামা‘আত শুরু হওয়ার ঘোষণা দেয়। অথচ অনেক সময় আমরা আযানের মর্যাদা উপলব্ধি করি না, এর জবাব দিই না কিংবা আযানের আহ্বান উপেক্ষা করে দুনিয়াবি কাজে ব্যস্ত থাকি। এটি মুমিনের জন্য কাম্য নয়। আমাদের উচিত আযানের প্রতি সম্মান প্রদর্শন করা, যথাযথভাবে জবাব দেওয়া এবং ইক্বামতের সঙ্গে সঙ্গে ছালাতের জন্য প্রস্তুত হওয়া। মহান আল্লাহ আমাদের সবাইকে আযান ও ইক্বামতের গুরুত্ব অনুধাবন করে যথাযথ আমল করার তাওফীক দান করুন। আমীন!

ধর্ম থেকে আরো পড়ুন