https://www.prothomalony.com/

18612

religion

ধর্ম

মুসলিম লেখকদের ইসলাম ভীতি

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬ ০৫:২৩

"কয়েক মাস আগের কথা।নিউ ইয়র্কে একটি কবিতা উৎসব চলছে। দুই বাংলার জনপ্রিয় অনেক কবির সমাবেশ ঘটেছে  মেলায়। কবিতা পাঠের প্রস্তুতি চলছে। মাইকে নাম ধরে একে একে বাংলাদেশের তিনজন খ্যাতিমান কবিকে ডাকা হলো আসন গ্রহণ করার জন্য। সবশেষে মঞ্চে আমন্ত্রণ জানানো হল ওপার বাংলার একজন কবিকে। নাম ডাকার সাথে সাথে কবি দু হাত উঁচু করে নমস্কার উচ্চারণ করলেন। ধীর পায়ে হেঁটে গিয়ে মঞ্চে উপস্থিত অন্যান্য কবিদের দিকে হাত জড়ো করে আবার নমস্কার উচ্চারণ করে নির্ধারিত আসনে বসলেন।

এবার কবিতা পাঠের পালা। নাম ডাকার পর পর্যায়ক্রমে বাংলাদেশের তিনজন খ্যাতিমান কবি উঠে এসে নিজেদের লেখস কবিতা পাঠ করলেন ও নিজ নিজ আসনে ফিরে গেলেন। সবশেষে ভারতীয় কবিকে তার কবিতা পাঠ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। মাইকে তার নাম উচ্চারিত হলে তিনি আগের মতই নমস্কার সম্বোধন করে কবিতা পাঠ শুরু করলেন। পাঠ শেষে মঞ্চের অনেকেই কবিকে হাততালি দিয়ে প্রশংসিত করেন। পাঠ শেষে আবারো নমস্কার বলে কবি তার আসনে ফিরে গেলেন। তিনজন বাঙালি মুসলিম কবির কেউই তাদের ধর্মীয় রীতিতে সালাম বা অন্য কিছু উচ্চারণ করেননি।
বাঙালি মুসলিম লেখক সমাজের একটি বড় অংশ আর দশজন সাধারণ মানুষের মতই বিশ্বব্যাপী মুসলিম বিদ্বেষী অপপ্রচারের দ্বারা প্রভাবিত হচ্ছেন। মুসলিমরা জিহাদী, সন্ত্রাসী ও নির্মম-বিশ্বের অনেক গণমাধ্যমের এমন উদ্দেশ্য প্রণোদিত প্রচারে অনেকেই নিজেদের মুসলিম পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগেন। তাই তো আমরা দেখি ইউরোপ আমেরিকায় অভিবাসী হয়ে অনেক মুসলমান মুসলিম বিদ্বেষ থেকে নিজেকে আড়াল করতে নিজেদের নাম পরিবর্তন করে অমুসলিম নামের আদলে নিজেদের নাম পরিবর্তন করছেন। এমন সব ক্ষেত্রে জামসেদ পরিবর্তন করে জেমস , চৌধুরী পরিবর্তন করে চৌ, জেসমিন পরিবর্তন করে জেসিকা ইত্যাদি নূতন নামে নিজেদের পরিচয় দিতে নিরাপদ বোধ করেন।

গণমাধ্যমগুলো অন্যভাবেও মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। বিগত কয়েক দশক ধরে আমরা দেখে আসছি যে,বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে মুসলমানদের কেউ কোন লঘু অপরাধ করে পুলিশের হাতে আটক হলে তাদের নাম প্রচারের সাথে সাথে তাদের ধর্মীয় পরিচয় যেমন বাংলাদেশি মুসলিম,, পাকিস্তানি মুসলিম এমন বিশেষণ জুড়ে দেওয়া হচ্ছে। অথচ একই অপরাধে অন্য ধর্ম বিশ্বাসের কেউ আটক বা দোষী সাব্যস্ত হলে তাদের দেশ বা ধর্মীয় পরিচয় সেভাবে হাইলাইট করা হচ্ছে না।

একটি সচেতন ও পড়ুয়া সমাজের অংশ হিসেবে ইসলাম ধর্মের আদর্শ ও মানবিক মূল্যবোধ সম্পর্কে মুসলিম কবিদের যতটা জানাশোনা থাকার কথা চিল সত্যিকার অর্থে তাদের অনেকের তেমন জানাশোনা নেই। সমকালের কয়েকজন কবির সঙ্গে এ বিষয়ে কথা বলে লক্ষ্য করেছি যে  ইসলাম শান্তির ধর্ম এ কথাটি তারা আর বিশ্বাস করেন না। উপরন্তু মুসলমানরা ধর্ম বিশ্বাস নিয়ে বাড়াবাড়ি করেন, জোর করে মানুষকে বিশ্বাস গেলাতে চান - ইসলাম সম্পর্কে তারা এমন নেতিবাচক ধারণা পোষণ করেন। অথচ ধর্মগ্রন্থ কোরআন স্পষ্ট ভাষায় ইসলাম গ্রহণ বা অস্বীকার করার পূর্ণ স্বাধীনতা দিয়েছে মানুষকে।
"এবং বল সত্য তোমাদের রবের পক্ষ থেকে, যার খুশি বিশ্বাস গ্রহণ করুক এবং যার ইচ্ছা বর্জন করুক।"
(সূরা আল-কাহাফ: আয়াত: ২৯)।

গণমাধ্যমের খবরে যখন আল কায়েদা, আইএসআইএস এমন সব সন্ত্রাসী সংগঠনের কর্মীদেরকে নিরীহ মানুষের ওপর নির্মম নির্যাতন চালানোর কথা উঠে আসে তখন বিশ্বের আপাময় জনগণের মত কবি সাহিত্যিকদের একটি অংশ বিশ্বাস করেন যে,এসব নিন্দনীয় কাজের জন্য মুসলমানরাই দায়ী। অথচ এসব সন্ত্রাসী সংগঠন কারা তৈরি করেন, কি উদ্দেশ্যে তৈরি করেন আর কারা এতে অর্থায়ন করেন এ বিষয়ে সাধারণ মানুষের মতই তারা কোন স্পষ্ট ধারণা রাখেন না।

বাঙালি মুসলিম লেখকদের অনেকেই জানেন না যে, ইসলাম নিরীহ মানুষ হত্যায় প্ররোচিত করছে বলে যে বিশ্বব্যাপী অপপ্রচার রয়েছে তা একান্তভাবেই  উদ্দেশ্যমূলক। উপরন্তু মানুষ হত্যা সম্পর্কে ইসলাম দিয়েছে কঠোর হুশিয়ারি। বিপরীতক্রমে মানুষের জীবন রক্ষাকে এক প্রশংসনীয় কাজ এবং স্রষ্টার কাছে এর বিনিময়ে মহা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।
" এ কারণেই আমি বনী-ইসলাঈলের প্রতি বিধান দিয়েছি যে, যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। এবং যে কারও জীবন রক্ষা করে, সে যেন সব মানুষের জীবন রক্ষা করে। তাদের কাছে আমার পয়গম্বরগণ প্রকাশ্য নিদর্শনাবলী নিয়ে এসেছেন। বস্তুতঃ এরপরও তাদের অনেক লোক পৃথিবীতে সীমা লঙ্ঘন করে।"
(সূরা মায়েদা: আয়াত ৩২)।

আমাদের মুসলিম লেখক বুদ্ধিজীবীরা নিজেদেরকে মানুষের কাছে আদৃত ও প্রগতিশীল প্রমাণ করতে বাইবেল,ত্রিপিটক, বেদ, মহাভারত, উপনিষদ.. ইত্যাদি পড়েন। তারা যা পড়েন না তা হচ্ছে কোরআন। বুদ্ধিভিত্তিক সভা সেমিনারে তারা গৌতম বুদ্ধ আর রাম কৃষ্ণের বাণী আওড়িয়ে প্রশংসায় ধন্য হন। আর নবী মুহাম্মদের বানী? এ যেন তাদের কাছে জাত গেল জাত গেল অবস্থা। এইসব বুদ্ধিজীবীদের কেউ কেউ আবার ইসলাম ধর্ম ও নবী মুহাম্মদকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ সাহিত্য রচনা করে সব্যসাচী লেখক আখ্যা পেয়েছেন।
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এই শ্রেণির কপট বুদ্ধিজীবীদের নষ্ট মানসিকতা নিয়ে অনেক আগেই কথা বলে গেছেন।

"আমাদের বুদ্ধিজীবী সমাজে যাঁরা আছেন, তাদের কার্যক্রম খুব একটা পরিষ্কার না। এরা কেন জানি ইসলাম ধর্মকে খুব ছোট করে দেখতে অভ্যস্ত হয়ে গেছেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান অন্য ধর্মের উৎসবে আমাদের বুদ্ধিজীবীরা উপস্থিত থাকেন, বক্তৃতা করেন, বাণী দেন- কিন্তু ইসলামী কোনো জলসায় কেউ উপস্থিত হয়েছেন বলে শোনা যায় না। তাদের মতে, ইসলামি জলসায় কেউ উপস্থিত থাকা মানে তার বুদ্ধিবৃত্তি নিম্নমানের। সে একজন প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক লোক।

আমাদের বুদ্ধিজীবীদের কাছে হিন্দু, বৌদ্ধ বা খ্রিষ্টানদের কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকার অর্থ মুক্তবুদ্ধির চর্চা করা, প্রগতির চর্চা করা, সংস্কারমুক্ত হওয়া ইত্যাদি। (সূত্র: ঘরে বাইরে হাজার প্রশ্ন: হুমায়ুন আহমেদ)।
.
নিউ ইয়র্ক প্রবাসী সমকালের একজন জনপ্রিয় কবি আক্ষেপ করে বলেছেন যে, তার কবিতায় বিছমিল্লাহির রাহমানির সবগুলো শব্দগুলোর ব্যবহার করায় কবিতাটি পড়ে একজন কবি তাকে ভৎর্সনা করেছেন। ওই কবি অভিযোগ করেন যে, এইসব সাম্প্রদায়িক শব্দ ব্যবহার করে বাংলা কবিতাকে নষ্ট করা হচ্ছে।
 
(লেখক: মানবিক সংগঠক, ধর্ম তত্ত্বের লেখক।)
 

ধর্ম থেকে আরো পড়ুন