https://www.prothomalony.com/

18570

bangladesh

বাংলাদেশ

ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তরের প্রশংসাপত্র পেলেন বাংলাদেশি আলোকচিত্রী রনি

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬ ০৭:১০

বাংলাদেশের আলোকচিত্রী ও লেখক ফরিদ আহাম্মদ রনির আলোকচিত্রভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’র প্রশংসা করেছে ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর। বইটি উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ফ্রান্সের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচিতি আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার উদ্যোগের প্রশংসা করে তাকে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

২০২৫ সালের ৩০ অক্টোবর ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁর হাতে নিজের প্রকাশিত গ্রন্থটি তুলে দেওয়ার সুযোগ পান ফরিদ আহাম্মদ রনি। প্যারিসের ইতিহাস, স্থাপত্য ও সাংস্কৃতিক সৌন্দর্য আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা এই বই রাষ্ট্রপতির হাতে পৌঁছে দেওয়া তার সৃজনশীল জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা।

রনি জানান, এর আগে ফ্রান্সের রাষ্ট্রপতির দপ্তর এবং প্যারিসের মেয়রের দপ্তর থেকেও বইটির বিষয়ে প্রশংসা ও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ২০ অক্টোবর স্বাক্ষরিত রাষ্ট্রপতির দপ্তরের আনুষ্ঠানিক চিঠিটি তার কাজের স্বীকৃতিতে নতুন মাত্রা যোগ করেছে।
 

প্রাপ্ত চিঠিতে বইটি উপহার দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ফ্রান্সের সাংস্কৃতিক মর্যাদা ও আন্তর্জাতিক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রে লেখকের উদ্যোগের প্রশংসা করা হয়েছে। একই সঙ্গে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে তার প্রচেষ্টার স্বীকৃতি জানানো হয়েছে।

বাংলা, ইংরেজি ও ফরাসি ভাষায় প্রকাশিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থে আইফেল টাওয়ার, লুভর জাদুঘর, ঐতিহাসিক স্থাপনা, ভাস্কর্য ও নগরজীবনের নানা দৃশ্য স্থান পেয়েছে। বাংলাদেশের আলোকচিত্র ও প্রকাশনাশিল্পকে আন্তর্জাতিক পাঠকের কাছে পরিচিত করার এই উদ্যোগে তিন ভাষায় বইটি প্রকাশ করা হয়েছে।

এর আগে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মাখোঁ ও প্যারিসের সাবেক মেয়র আন্না ইদালগোর পাশাপাশি প্যারিসের ঐতিহাসিক গ্রঁ পালে আয়োজিত সম্মেলনে মোনাকোর যুবরাজ দ্বিতীয় আলবার্ট, ফ্রান্সের সাবেক প্রধানমন্ত্রী লরাঁ ফাবিউস এবং জাতিসংঘের উপমহাসচিব মেলিসা ফ্লেমিংয়ের কাছেও বইটি পৌঁছে দেন রনি। এ ছাড়া ২০২৬ সালের জুনে প্যারিসের বর্তমান মেয়র ইমানুয়েল গ্রেগোয়ার এবং আগস্টে সাবেক রাষ্ট্রপতি ফ্রাঁসোয়া ওলাঁদের হাতেও বইটি তুলে দেন এই আলোকচিত্রী।

বাংলাদেশ থেকে আরো পড়ুন