https://www.prothomalony.com/
18460
new-york
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩০
বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচার, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় জবাবদিহিতা নিয়ে নিউইয়র্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোগে গত ১৬ অক্টোবর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকায় ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের অগ্রগতি ও সংকট’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশের বিচারব্যবস্থা, মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও রাষ্ট্রীয় জবাবদিহিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে নিউইয়র্কের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
প্যাট্রিয়টস অব বাংলাদেশের উদ্যোক্তা আবদুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সাবেক সিনেটর-অ্যাট-লার্জ শোয়াইব আহমেদ ভূঁইয়া।
মোহাম্মদ তাজুল ইসলাম ট্রাইব্যুনালে দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা, মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া, বিচারিক চ্যালেঞ্জ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, হত্যা, গুম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক নিপীড়নের অভিযোগের বিচার এবং জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
বক্তারা ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় কার্যকর উদ্যোগের ওপর গুরুত্ব দেন। এ ক্ষেত্রে মোহাম্মদ তাজুল ইসলামের পেশাগত অভিজ্ঞতা ও ভূমিকার প্রতিও শ্রদ্ধা জানান অংশগ্রহণকারীরা।
বিশেষ অতিথি শোয়াইব আহমেদ ভূঁইয়া প্রবাসী বাংলাদেশিদের সামাজিক দায়বদ্ধতা, আন্তর্জাতিক পরিসরে মানবাধিকারের পক্ষে অবস্থান এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকার পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান জানান তিনি।
নিউইয়র্ক থেকে আরো পড়ুন