https://www.prothomalony.com/

18456

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর রিয়েল এস্টেট ওয়ার্কশপ

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬ ০৬:২৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিসহ বাড়ি কিনতে আগ্রহীদের আবাসন খাতে বিনিয়োগ, অর্থায়ন ও মর্টগেজ সুবিধা সম্পর্কে সচেতন করতে বিশেষ শিক্ষামূলক কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠানের আয়োজন করেছে কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২। প্রতিষ্ঠানটির কুইন্স কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতের পেশাজীবী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২ পরিবারে নবনিযুক্ত মর্টগেজ ব্রোকার মোহাম্মদ কামালকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা তাঁকে অভিনন্দন জানান এবং আবাসন খাতে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগিয়ে গ্রাহকদের উন্নত সেবা দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

স্বাগত অনুষ্ঠান শেষে মোহাম্মদ কামালের পরিচালনায় দুই ঘণ্টাব্যাপী রিয়েল এস্টেট ও মর্টগেজবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের বর্তমান আবাসন বাজারে বাড়ি কেনার প্রক্রিয়া, প্রয়োজনীয় অর্থায়ন, ডাউন পেমেন্টের নিয়ম, বিভিন্ন ধরনের মর্টগেজ ঋণ এবং বাড়ি কেনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বিশেষভাবে গুরুত্ব পায় প্রবাসী বাংলাদেশিদের আবাসন খাতে বিনিয়োগের সুযোগ ও চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রে প্রথমবার বাড়ি কিনতে আগ্রহী অনেক প্রবাসী ভাষাগত জটিলতা, ঋণসংক্রান্ত তথ্যের ঘাটতি এবং অর্থায়নের বিভিন্ন শর্ত সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় সমস্যায় পড়েন। এসব বিষয়ে সঠিক তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার গুরুত্ব তুলে ধরেন মোহাম্মদ কামাল।

অনুষ্ঠানে বক্তব্য দেন কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর মালিক রন ফেরারা, টিম লিডার মারিয়া গালিস্তো, ম্যানেজার সুসি সোরিক এবং এজেন্ট লিডারশিপ কাউন্সিলের সদস্য মোহাম্মদ কে. আহমেদ।

বক্তারা বলেন, অভিজ্ঞ মর্টগেজ ব্রোকার মোহাম্মদ কামালের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানের সেবার পরিধি আরও সম্প্রসারিত করবে। বিশেষ করে নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নিজেদের ভাষায় বাড়ি কেনা ও মর্টগেজ ঋণসংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন। এতে আবাসন খাতে তাঁদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা অনেক প্রবাসীর দীর্ঘদিনের স্বপ্ন। তবে যথাযথ পরিকল্পনা, আর্থিক সক্ষমতা যাচাই এবং মর্টগেজ সম্পর্কে পরিষ্কার ধারণা ছাড়া এ ধরনের বড় বিনিয়োগে ঝুঁকি তৈরি হতে পারে। তাই বাড়ি কেনার আগে অভিজ্ঞ পেশাজীবীদের পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিষ্ঠানের রিয়েল এস্টেট অ্যাসোসিয়েট ও আমন্ত্রিত অতিথিরা মোহাম্মদ কামালকে শুভেচ্ছা জানান। পরে পারস্পরিক পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও নেটওয়ার্কিংয়ের মধ্য দিয়ে আয়োজন শেষ হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের শিক্ষামূলক কর্মশালা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আবাসন ও মর্টগেজ বিষয়ে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নিউইয়র্কের রিয়েল এস্টেট খাতে পেশাজীবী ও সম্ভাব্য ক্রেতাদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তুলতে সহায়ক হবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন