https://www.prothomalony.com/

18434

new-york

নিউইয়র্ক

অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা, বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন

নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌসের অকাল মৃত্যু, কমিউনিটিতে শোকের ছায়া

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ ১৩:৩৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফর্মিং আর্টস’ (বিপা)-র অন্যতম প্রতিষ্ঠাতা ও শৈল্পিক পরিচালক অ্যানি ফেরদৌস এবং প্রকৌশলী জাফর আহমেদ দম্পতির একমাত্র কন্যা, বিশিষ্ট নৃত্যশিল্পী ও শিক্ষক তাসীন ফেরদৌস (৩৫) আর নেই।
​রোববার ভোরে নিউইয়র্কের কুইন্সের জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, লুকাস নামের এক শিশুপুত্র, বাবা-মাসহ অসংখ্য স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
​পারিবারিক ও কমিউনিটি সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হলে শনিবার জরুরি ভিত্তিতে তাঁকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করেন। তবে সংক্রমণ দ্রুত পুরো শরীরে ছড়িয়ে পড়ায় চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও তাঁর জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
​পেশাগত জীবনে তাসীন ফেরদৌস নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের একজন শিক্ষক ছিলেন। পেশার পাশাপাশি তিনি শাস্ত্রীয় ও ঐতিহ্যবাহী নৃত্যে বাংলা সাংস্কৃতিক পরিমণ্ডলে বিশেষ সমাদৃত ছিলেন। মায়ের অনুপ্রেরণায় শৈশবেই বিপা-র মাধ্যমে তাঁর নাচের পাঠ শুরু হয়। লোকনৃত্য ও সমসাময়িক নৃত্যে দক্ষতা অর্জনের পর মাত্র ১৩ বছর বয়সে তিনি নিউইয়র্কের ‘শিব জ্যোতি ড্যান্স একাডেমি’তে প্রখ্যাত নৃত্যগুরু তেজস্বিনী রাজের অধীনে শাস্ত্রীয় নৃত্য ভরতনাট্যম চর্চা শুরু করেন। দীর্ঘ আট বছরের একনিষ্ঠ সাধনার পর ২০১৩ সালে তিনি ভরতনাট্যমের আনুষ্ঠানিক একক অভিষেক মঞ্চ ‘আরাঙ্গেত্রাম’ সম্পন্ন করেন।
​বিপা এবং শিব জ্যোতি ড্যান্স একাডেমির মাধ্যমে তাসীন নিউইয়র্কের মূলধারার বহুসাংস্কৃতিক মঞ্চ এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়োজনে নিয়মিত নৃত্য পরিবেশন করে বাংলার ঐতিহ্য তুলে ধরেছেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডের বাইরেও তিনি ব্রুকলিনের কেনসিংটনসহ স্থানীয় অভিবাসী বাংলাদেশিদের নাগরিক অধিকার রক্ষা ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে সক্রিয় ছিলেন।
​মাত্র ৩৫ বছর বয়সে সম্ভাবনাময় এই শিল্পীর আকস্মিক প্রয়াণে নিউইয়র্কের প্রবাসী বাঙালি সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত মা অ্যানি ফেরদৌস ও বাবা জাফর আহমেদসহ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন