https://www.prothomalony.com/

18412

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে ‘আমেরিকান ড্রিম’ পূরণে খরচ ৫৩ লাখ ডলার, আয়ের চেয়ে বাড়ছে ব্যয়

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ০৩:০৩

 

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা, সন্তান লালন-পালন, গাড়ি, অবসরজীবন ও ছুটিতে ভ্রমণসহ প্রচলিত ‘আমেরিকান ড্রিম’ পূরণ করতে একজন মানুষের জীবনে প্রায় ৫৩ লাখ ডলার খরচ হতে পারে। অথচ কর্মীদের বেতন বৃদ্ধির হার এই ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে পারছে না। ফলে মধ্যবিত্ত ও সাধারণ চাকরিজীবীদের জন্য স্বপ্নের জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

২০২৬ সালের এক বিশ্লেষণ অনুযায়ী, আমেরিকান ড্রিম পূরণের আনুমানিক ব্যয় গত বছরের পুনর্গণনা করা হিসাবের তুলনায় ৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত ১২ মাসে বেসরকারি খাতের কর্মীদের বেতন বেড়েছে মাত্র ৩ দশমিক ১ শতাংশ।

১৯৩১ সালে লেখক জেমস ট্রাসলো অ্যাডামস তাঁর ‘এপিক অব আমেরিকা’ বইয়ে এমন একটি দেশের স্বপ্ন তুলে ধরেছিলেন, যেখানে সবার জীবন আরও উন্নত, সমৃদ্ধ ও পরিপূর্ণ হবে। সেই ধারণা থেকেই ‘আমেরিকান ড্রিম’ শব্দবন্ধটি জনপ্রিয় হয়। তবে সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, এই স্বপ্ন অর্জন নিয়ে অনেক মার্কিন নাগরিকের মধ্যে অনিশ্চয়তা বাড়ছে। ২০২৬ সালের গ্যালাপ জরিপে ৬৯ শতাংশ মার্কিন নাগরিক বলেছেন, তাঁরা ব্যক্তিগতভাবে আমেরিকান ড্রিম অর্জন করতে পারবেন বলে আশা করেন। ২০২৪ সালের তুলনায় এই হার ৪ শতাংশ কম।

কোন খাতে কত খরচ?
বিশ্লেষণে আমেরিকান ড্রিমের আটটি প্রধান ব্যয়ের হিসাব তুলে ধরা হয়েছে। এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল হলো বাড়ির মালিক হওয়া। একটি বাড়ি কেনা, ঋণের সুদ, সম্পত্তির কর, বিমা ও রক্ষণাবেক্ষণ মিলিয়ে আজীবন ব্যয় ধরা হয়েছে প্রায় ১২ লাখ ৭৫ হাজার ৭৮২ ডলার।

সারা জীবনে দুটি নতুন গাড়ি কেনা ও ব্যবহারে ব্যয় হতে পারে ১২ লাখ ৫ হাজার ৬২৭ ডলার। আর অবসরজীবনে স্বচ্ছন্দে কাটানোর জন্য বিবাহিত দম্পতির আনুমানিক ব্যয় ১২ লাখ ৫ হাজার ১১৯ ডলার।

দুই সন্তানকে ১৭ বছর বয়স পর্যন্ত লালন-পালন এবং তাদের কলেজশিক্ষার ব্যয় মিলিয়ে হিসাব করা হয়েছে ৯ লাখ ৫৩ হাজার ৭৬৩ ডলার। এই খাতে গত বছরের তুলনায় ব্যয় বেড়েছে ৯ দশমিক ৫ শতাংশ, যা আটটি খাতের মধ্যে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি।

এ ছাড়া স্বাস্থ্যসেবায় আজীবন ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ১৩ হাজার ২৭১ ডলার। ২২ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত প্রতিবছর ছুটি কাটাতে খরচ হতে পারে ১ লাখ ৮৬ হাজার ৯৯৯ ডলার। একটি কুকুর ও একটি বিড়াল পালনে আজীবন ব্যয় আনুমানিক ৪০ হাজার ৭৭২ ডলার। আর বিয়ের অনুষ্ঠানে খরচ হতে পারে ৩৮ হাজার ৮০০ ডলার।

একজনের বেতনে কি পূরণ হবে স্বপ্ন?
বিশ্লেষণে বলা হয়েছে, ২৫ থেকে ৬৪ বছর বয়স পর্যন্ত পূর্ণকালীন কাজ করা স্নাতক ডিগ্রিধারী একজন কর্মীর মধ্যম আজীবন আয় হতে পারে প্রায় ৩৬ লাখ ডলার। এর সঙ্গে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ২০ বছরের গড় সুবিধা যোগ করলেও মোট পরিমাণ দাঁড়ায় প্রায় ৪১ লাখ ডলার। অর্থাৎ, ৫৩ লাখ ডলারের লক্ষ্যমাত্রা পূরণে ঘাটতি থাকবে প্রায় ১২ লাখ ডলার।

এই হিসাব অনুযায়ী, শুধু চাকরির আয়ের ওপর নির্ভর করে বাড়ি, গাড়ি, সন্তানদের শিক্ষা, অবসরজীবন ও অন্যান্য খরচ সামলে প্রচলিত আমেরিকান ড্রিম অর্জন করা অনেকের জন্য কঠিন হতে পারে।

বিশ্লেষণটি প্রকাশিত হয়েছে ২০২৬ সালের ৭ অক্টোবর। এতে যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো, আদমশুমারি ব্যুরো, গ্যালাপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য ব্যবহার করা হয়েছে। তবে ৫৩ লাখ ডলারের এই হিসাব একটি নির্দিষ্ট জীবনযাপনের মডেলভিত্তিক অনুমান; প্রত্যেক মার্কিন পরিবারের প্রকৃত ব্যয় ও আয় এক হবে না।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন