https://www.prothomalony.com/
18414
north-america
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:০৩
যুক্তরাষ্ট্রের প্রবাস জীবনে দেশীয় সংস্কৃতি চর্চা লালন ও নাট্যাঙ্গনের মানুষদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে নিউইয়র্কে অনুষ্ঠিত হলো নাট্য ও মিডিয়া কর্মীদের ব্যতিক্রমী মিলনমেলা। ‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসে নাট্য ও মিডিয়া কর্মীদের প্রাণের মেলা’ শীর্ষক এই আড্ডায় জমকালো পটলাক ও রাইটার্স-আর্টিস্ট পিকনিক অনুষ্ঠিত হয়।
শনিবার (১০ অক্টোবর) কুইন্সের কানিংহাম পার্কে দিনব্যাপী এই আনন্দঘন আয়োজন করা হয়। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামসুল আলম বকুলের উদ্যোগে আয়োজিত এই মিলনমেলায় নিউইয়র্কের পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য নিউ জার্সি ও কানেকটিকাট থেকেও একঝাঁক নাট্য ও মিডিয়া কর্মী অংশ নেন।

অনুষ্ঠানে কোনো আনুষ্ঠানিকতার কড়াকড়ি ছিল না। সকাল থেকে বিকেল পর্যন্ত মুখরোচক আড্ডা, কালজয়ী নাটকের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গানে মুখরিত ছিল পার্ক প্রাঙ্গণ। উৎসবমুখর পরিবেশ তৈরি করতে আমন্ত্রিত অতিথিরা বাড়ি থেকে 'পটলাক' (ওয়ান-ডিশ) পদ্ধতিতে হরেক রকমের খাবার নিয়ে আসেন।
এই বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলায় প্রবাসে বসবাসরত বাংলাদেশের শীর্ষস্থানীয় ও প্রবীণ তারকাশিল্পীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন রেখা আহমেদ, লুৎফুন্নাহার লতা, রোকেয়া রফিক বেবী, শিরিন বকুল, স্বপ্না কাউসার, তমালিকা কর্মকার, এজাজ আলম, লায়লা ফারজানা ও তৌকির আহমেদ।

নাট্যাঙ্গনের পারস্পরিক একাত্মতা প্রকাশ করে অনুষ্ঠানে আরও অংশ নেন তৌকীর আহমেদ হিল্লোল, আলমগীর চঞ্চল, আবু সুফিয়ান বিপ্লব, শামীম সাহেদ, গার্গী মুখার্জী, হারুন আহমেদ, বাবর খাদেমি, সুলতান বুখারী, বসুনিয়া, রনি, তানভীর, হীরা চৌধুরী, মিলটন, মুজিব বিন হক, জহির আহমেদ, জিয়া উদ্দিন শিপন, রিপন, সুলতানা, আনিকা মাহিন একাসহ অনেকে।

অনুষ্ঠানে উপস্থিত নাট্যকর্মী জলি আহমেদ জানান, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝে এমন আয়োজনে অংশ নিতে পেরে সবাই দারুণ আনন্দিত।
সমাবেশে উপস্থিত শিল্পী ও নাট্যকর্মীরা এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য শামসুল আলম বকুলকে ধন্যবাদ জানান এবং প্রবাসের মাটিতে বাংলাদেশি নাট্যকলা ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন