https://www.prothomalony.com/

18417

north-america

উত্তর আমেরিকা

সাউথ ফ্লোরিডায় ঢাকা ক্লাবের কমিউনিটি গেট-টুগেদার ও উইন্টার ফেস্ট কমিটি গঠন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬ ০৬:২১

যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় ঢাকা ক্লাবের আয়োজনে আগামী ২৮ নভেম্বরের ‘উইন্টার ফেস্ট’ সামনে রেখে এক কমিউনিটি গেট-টুগেদার ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বয়ন্টন বিচের সেবর রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের ১৫তম উইন্টার ফেস্টের পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

ঢাকা ক্লাবের সভাপতি মীম খানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তিনি ফ্লোরিডার বিভিন্ন শহর থেকে আসা অতিথিদের স্বাগত জানান এবং আসন্ন উইন্টার ফেস্টের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন। তিনি জানান, এবারই প্রথম ওয়েস্ট পাম বিচের ফেয়ার গ্রাউন্ডের বিশাল মিলনায়তনে এই মেগা উৎসবের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে নাজমুন নাহার ইউনা, মীম খান ও নওশাদ পবন উইন্টার ফেস্টের ৭১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন। এতে কনভেনর হিসেবে দায়িত্ব পেয়েছেন মুজিব উদ্দিন, মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আকরাম, কো-কনভেনর মীর কে আলম ও কুতুব উদ্দিন, প্রধান উপদেষ্টা মনজুর চৌধুরী ও রানা খান, প্রোগ্রাম ডিরেক্টর নাঈম খান দাদন এবং মিডিয়া চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক জুয়েল সাদত।

অনুষ্ঠানে সাউথ ফ্লোরিডার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, একতারা, কারিগর, নারী ও ফ্লোরিডা বাংলা টিভিসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কমিউনিটির বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের মূল কমিটিতে অন্তর্ভুক্ত করায় উপস্থিত অতিথিরা ঢাকা ক্লাবের এই সমন্বয়ী উদ্যোগের প্রশংসা করেন।

কনভেনর মুজিব উদ্দিন তার বক্তব্যে বলেন, “এবারের ১৫তম উইন্টার ফেস্টে প্রবাসে দেশীয় ঐতিহ্যের মূল রূপ তুলে ধরা হবে।” 

মেম্বার সেক্রেটারি মোহাম্মদ আকরাম বলেন, “ফেয়ার গ্রাউন্ডের বিশাল মিলনায়তনে এটি হবে প্রবাসীদের এক বৃহৎ মিলনমেলা। সবাইকে সঙ্গে নিয়ে আমরা একটি সার্থক আয়োজন করতে চাই।”

অনুষ্ঠানে ঢাকা ক্লাবের প্রতিষ্ঠাতা আনোয়ারুল খান দিপু বিগত ১৪ বছরের উৎসবের স্লাইড প্রদর্শন করেন। তিনি বলেন, “ঢাকা ক্লাবের প্রধান উদ্দেশ্য হলো প্রবাসে দেশীয় কৃষ্টি-সংস্কৃতির বিকাশ ঘটানো এবং অন্যান্য সংগঠনকে সহযোগী হিসেবে পাশে রাখা। সেই ধারাবাহিকতায় আমরা ফ্লোরিডা বইমেলাসহ নানা প্রবান্ধিক আয়োজন নিয়মিত করে আসছি।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন আমিনুল ইসলাম বাবু, রানা খান, মনজুর চৌধুরী, চেমন উদ্দিন, দাদন খান, ইরিনা খান, দাউদ খান, নওশাদ পবন, ইমন, এস আই জুয়েল, মুক্তিযোদ্ধা নান্নু আহমদ ও এ বি এম মোস্তফা।

আয়োজকেরা জানান, এবারের উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন মিলা, বিদ্যা সিনহা মিম, বিশ্বরূপ ব্যানার্জি, লুইপা, ডিজে রাহাত ও ইমনসহ অর্ধশতাধিক শিল্পী। পাশাপাশি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন চিত্রনায়ক শাকিব খান। ফেয়ার গ্রাউন্ডের প্যাভিলিয়নে শতাধিক দেশীয় পণ্য ও মুখরোচক খাবারের স্টল থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

সমাপনী বক্তব্যে সভাপতি মীম খান ও প্রতিষ্ঠাতা আনোয়ারুল খান দিপু বলেন, ১৫তম উইন্টার ফেস্ট ঘিরে সাউথ ফ্লোরিডার বাঙালি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রবাসীদের একটি স্মরণীয় উৎসব উপহার দিতে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
 

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন