https://www.prothomalony.com/

18303

literature

সাহিত্য

কবি আবদুল মান্নান সৈয়দ স্মরণে ‘প্রবাহ’র ২১তম সাহিত্য সভা

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ ০২:১৬

কবি ও গবেষক আবদুল মান্নান সৈয়দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিত্য সংগঠন ‘প্রবাহ’র ২১তম সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ছয়টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘গ্রীনটাচ’-এ এই সভার আয়োজন করা হয়।

সোহেল হামিদের উপস্থাপনায় এবং জনাব আবদুল জলিলের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সভায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি কাজী জহিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কবি কাজী জহিরুল ইসলাম বলেন, সব্যসাচী লেখক আবদুল মান্নান সৈয়দ বাংলা সাহিত্যে পরাবাস্তববাদ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ফরাসি কবি আঁদ্রে ব্রেতোঁ পরাবাস্তববাদী কবিতার সূচনা করলেও আবদুল মান্নান সৈয়দ এই ভিনদেশী ধারণাকে বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সার্থকভাবে উপস্থাপন ও প্রতিষ্ঠিত করেছেন। অনুষ্ঠানে তিনি কবিতায় পরাবাস্তবতা নিয়ে আলোচনা করেন।

সাহিত্য সমালোচনায় আবদুল মান্নান সৈয়দের অবদানের কথা উল্লেখ করে কাজী জহিরুল ইসলাম আরও বলেন, জীবনানন্দ দাশ ও কাজী নজরুল ইসলামকে নিয়ে তাঁর গবেষণা বাংলা সাহিত্যে অনন্য। জীবনানন্দ দাশকে তিনিই ‘শুদ্ধতম কবি’ উপাধিতে ভূষিত করেছিলেন।

অনুষ্ঠানের কবিতা ও আবৃত্তি পর্বে কবি নুরুল মোস্তফা রইসী, বাচিক শিল্পী এম. এ. সাদেক, জি. এম. ফারুক খান, কবি রওশন হক, জাকির হাওলাদার ও সোহেল হামিদ কবি আবদুল মান্নান সৈয়দের বিভিন্ন কবিতা পাঠ ও আবৃত্তি করেন। এ ছাড়া নুরুল মোস্তফা রইসী সৈয়দ শামসুল হকের ‘পরাণের গহীন ভিতর’ থেকে একটি সনেট ও সুকুমার রায়ের ‘বিষম চিন্তা’ ছড়াটি আবৃত্তি করেন। জনাব আবদুল জলিল পাঠ করেন তাঁর স্বরচিত কবিতা ‘মানুষ’।

সংগীত পর্বে সেলিম শাহরিয়ারের কণ্ঠে ‘তুমি কখন এসে দাঁড়িয়ে আছো’ গানটি উপস্থিত শ্রোতা-দর্শকদের মন জয় করে। অনুষ্ঠানে কবির সাহিত্যকর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন সাহিত্য সংগঠক সৈয়দ ফজলুর রহমান। এ ছাড়া গ্রীনটাচের সিইও লিয়াকত ইলাহি এবং মুনতাকিম বিল্লাহ শুভেচ্ছা বক্তব্য দেন।

আলোচনা শেষে উপস্থিত সকলে কবি আবদুল মান্নান সৈয়দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সাহিত্য থেকে আরো পড়ুন