https://www.prothomalony.com/
18182
opinion
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৪০
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, সামাজিক যোগাযোগমাধ্যম, এনক্রিপ্টেড যোগাযোগ এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের কার্যক্রমের ধরন দ্রুত পরিবর্তন করছে বলে সতর্ক করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
৯/১১ হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে নিরাপত্তা পরিষদের এক বিশেষ বৈঠকে বৈশ্বিক সন্ত্রাসবাদের পরিবর্তিত চিত্র এবং উদীয়মান প্রযুক্তির অপব্যবহার নিয়ে আলোচনা হয়। বৈঠকে জাতিসংঘের কর্মকর্তারা বলেন, ২০০১ সালের পর সন্ত্রাসী হুমকির ধরন যেমন পরিবর্তিত হয়েছে, তেমনি প্রযুক্তির অগ্রগতিও সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নতুন সুযোগ তৈরি করেছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, সন্ত্রাসী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ও বিভিন্ন ভার্চুয়াল পরিসর ব্যবহার করে সমর্থক খোঁজা, প্রচারণা চালানো এবং বিশেষ করে তরুণদের প্রভাবিত করার চেষ্টা করছে। এআইভিত্তিক সরঞ্জাম ও ডিজিটাল প্ল্যাটফর্ম তাদের প্রচারণা ও সদস্য সংগ্রহের কার্যক্রম আরও দ্রুত ও বিস্তৃত করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কর্মকর্তারা।
এআই ব্যবহার করে তৈরি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য, ডিপফেক এবং অ্যালগরিদমের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া উগ্রবাদী প্রচারণাও উদ্বেগের কারণ হয়ে উঠেছে। একই সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগব্যবস্থা ও অনলাইন আর্থিক সেবার অপব্যবহার সন্ত্রাসবিরোধী সংস্থাগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।
বৈঠকে ড্রোন বা চালকবিহীন আকাশযান ব্যবহারের বিষয়টিও গুরুত্ব পায়। জাতিসংঘের সন্ত্রাসবিরোধী কমিটির নির্বাহী অধিদপ্তর জানিয়েছে, সন্ত্রাসী সংগঠনগুলো বিভিন্ন ধরনের ড্রোন ও চালকবিহীন আকাশযান তাদের কার্যক্রমে ব্যবহারের সুযোগ খুঁজছে। দুর্বল নিয়ন্ত্রণব্যবস্থা ও সীমান্ত ব্যবস্থাপনার ঘাটতি এ ধরনের প্রযুক্তি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে পৌঁছানোর ঝুঁকি বাড়াতে পারে।
জাতিসংঘের পক্ষ থেকে সদস্যরাষ্ট্রগুলোকে এআই, ভার্চুয়াল সম্পদ, ত্রিমাত্রিক মুদ্রণ প্রযুক্তি ও ড্রোনসহ উদীয়মান প্রযুক্তির সন্ত্রাসী অপব্যবহার মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
পরিবর্তিত সন্ত্রাসী হুমকি মোকাবিলায় জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত পদক্ষেপের ওপর জোর দিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সন্ত্রাসবিরোধী কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও আইনের শাসন সমুন্নত রাখার আহ্বান জানানো হয়েছে।
অভিমত থেকে আরো পড়ুন