https://www.prothomalony.com/

18186

new-york

নিউইয়র্ক

এআই-জলবায়ু-সংঘাত নিয়ে গুতেরেসের সতর্কবার্তা

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ ০৫:০০

বিশ্ব বর্তমানে ‘গভীর অনিশ্চয়তার যুগে’ প্রবেশ করেছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনের আগে বিশ্বনেতাদের আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গুতেরেস দ্রুত বিকশিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জলবায়ু সংকট ও ক্রমবর্ধমান বৈষম্যকে বিশ্বের প্রধান অস্তিত্বগত হুমকিগুলোর মধ্যে উল্লেখ করেন।

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে বক্তব্যের বড় একটি অংশ ব্যয় করেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, এআই স্বাস্থ্য, শিক্ষা ও টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও এ প্রযুক্তি সক্ষমতা বাড়াতে পারে।

তবে গুতেরেস সতর্ক করে বলেন, এআইয়ের প্রযুক্তিগত অগ্রগতি এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষের বোঝাপড়ার চেয়ে দ্রুত এগিয়ে যাচ্ছে। এআইকে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাখতে শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা বা ‘নিরাপত্তাবেষ্টনী’ তৈরির আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, এআইয়ের ঝুঁকি কোনো দেশের সীমান্তে থেমে থাকে না। তাই জাতীয় পর্যায়ের উদ্যোগের পাশাপাশি এ ক্ষেত্রে বৈশ্বিক সমন্বয় প্রয়োজন।

চলমান যুদ্ধ ও সংঘাত নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গুতেরেস। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে উত্তেজনা কমানো এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর গুরুত্ব দেন।

জাতিসংঘের উচ্চপর্যায়ের সপ্তাহ ১৮ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হবে। সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক শুরু হবে ২২ সেপ্টেম্বর। জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের নেতারা এ সময় সংঘাত, জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক নিরাপত্তা ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন বৈশ্বিক সংকট নিয়ে বক্তব্য দেবেন।

গুতেরেস বলেন, পরস্পর সম্পর্কিত বৈশ্বিক সংকট মোকাবিলায় বর্তমান সময়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন