https://www.prothomalony.com/

18175

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ‘জালালাবাদ সামার বাস’ মেলা, প্রাণবন্ত আয়োজন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৯

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘জালালাবাদ সামার বাস’ মেলা। গত শনিবার  জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনকের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এ মেলায় ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‌্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। মেলায় বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি পোশাকের পাশাপাশি লাক্সারি, শিশুদের ও নিয়মিত ব্যবহারের পোশাকের বিভিন্ন কালেকশন নিয়ে অংশ নেন ব্যবসায়ীরা। এতে ক্রেতাদের জন্য বিভিন্ন পণ্য সেল প্রাইসে বিক্রির ব্যবস্থাও ছিল।

মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়। সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে প্রবাসীরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। তিনি দেশ ও দেশের বাইরে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও কৃষ্টি কালচার ধরে রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তারা প্রবাসের মাটিতে জালালাবাদবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একে অন্যের পাশে থাকার আহ্বান জানান। তারা বলেন, প্রবাসে বসবাসরত সবাইকে ঐক্যবদ্ধভাবে সংগঠনের পাশে দাঁড়াতে হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে কমিউনিটিকে আরও সমৃদ্ধ করতে হবে।

এ সময় আসন্ন বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সেলিম-আলী পরিষদ ও কুনু-ফিরোজ পরিষদের প্রার্থী ও সমর্থকরা নিজেদের জন্য ভোট চেয়ে প্রবাসের মাটিতে কমিউনিটির কল্যাণে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের আহ্বায়ক শেখ জামাল হোসেন, মুখ্য আহ্বায়ক লায়েছ আহমেদ, প্রধান সমন্বয়কারী মইন উজ জামান চৌধুরী এবং সদস্য সচিব হেলিম উদ্দিনসহ অন্যান্যরা উৎসবমুখর পরিবেশে এই আয়োজন সম্পন্ন করতে দায়িত্ব পালন করেন।

শেষে আয়োজক সংগঠনের সভাপতি মইনুল ইসলাম ও  সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদ মেলার সফলতায় সাংবাদিক, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক ও দূর-দূরান্ত থেকে আসা অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান।
 

নিউইয়র্ক থেকে আরো পড়ুন