https://www.prothomalony.com/

18170

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের স্কুলের ডিভাইসে ইউটিউব বন্ধ, বাড়ছে প্রযুক্তি ব্যবহারে বিধিনিষেধ

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২৫

নিউইয়র্ক সিটির শিক্ষার্থীদের জন্য স্কুল থেকে দেওয়া কম্পিউটার ও আইপ্যাডে ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যা ৫টা থেকে শিক্ষার্থীরা স্কুলে কিংবা বাড়িতে স্কুলের দেওয়া যন্ত্র ব্যবহার করে ইউটিউবে প্রবেশ করতে পারবে না।

এর আগে নিউইয়র্কের স্কুলগুলোতে শিক্ষার্থীদের ব্যক্তিগত মুঠোফোন, আইপ্যাড ও ল্যাপটপ ব্যবহারে নিষেধাজ্ঞা ছিল। এবার স্কুল থেকে দেওয়া যন্ত্রেও ইউটিউব বন্ধ করা হলো।

মঙ্গলবার সিটি হলে এক শুনানিতে এ সিদ্ধান্তের কথা জানান নিউইয়র্ক নগর সরকারি বিদ্যালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা স্কট স্ট্রিকল্যান্ড। তিনি বলেন, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়ে সব শিক্ষার্থীর যন্ত্রে ইউটিউবের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে।

তবে নগর পরিষদের কয়েকজন সদস্য আরও কঠোর বিধিনিষেধের দাবি জানিয়েছেন। তারা পরীক্ষার কার্যক্রম অনলাইনের পরিবর্তে সরাসরি নেওয়া এবং ছোট শিক্ষার্থীদের স্কুলের দেওয়া যন্ত্র বাড়িতে না দেওয়ার প্রস্তাব দিয়েছেন।

নতুন নির্দেশনা অনুযায়ী, দ্বিতীয় শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে পর্দাভিত্তিক প্রযুক্তি ব্যবহারের সময় থাকবে না। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে প্রতিদিন সর্বোচ্চ ৩০ মিনিট এবং মাধ্যমিক পর্যায়ে ৪৫ মিনিট পর্যন্ত পর্দা ব্যবহারের সুযোগ থাকবে। উচ্চবিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজন অনুযায়ী সময় নির্ধারণ করা হবে।

তবে ডিজিটাল পরীক্ষা ও দূরশিক্ষণের দিন এ সীমা প্রযোজ্য হবে না। প্রতিবন্ধী শিক্ষার্থী এবং ভাষা অনুবাদের প্রয়োজন রয়েছে—এমন শিক্ষার্থীদের জন্যও ছাড় রাখা হয়েছে।

শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, প্রযুক্তির অনিয়ন্ত্রিত ও অপ্রয়োজনীয় ব্যবহার কমানোই এসব বিধিনিষেধের মূল উদ্দেশ্য।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন