https://www.prothomalony.com/

18168

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কে ২৫ লাখ পরিবার ইউটিলিটি বিলে ছাড়ের যোগ্য

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮

নিজস্ব প্রতিবেদকনিউইয়র্ক অঙ্গরাজ্যে এখন প্রায় ২৫ লাখ পরিবার ইউটিলিটি বিলের ওপর ছাড় পাওয়ার যোগ্য বলে জানিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। মঙ্গলবার তিনি জানান, রাজ্যের এনার্জি অ্যাফোর্ডেবিলিটি প্রোগ্রামের নতুন যোগ্যতার নিয়মের ফলে অঙ্গরাজ্যের প্রায় অর্ধেক পরিবার এ সুবিধার আওতায় আসবে।

হোকুলের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ১০ লাখ নিউইয়র্কবাসী এই কর্মসূচিতে যুক্ত রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে নতুন যোগ্যতার নিয়ম কার্যকর হওয়ায় সুবিধাভোগীর সম্ভাব্য সংখ্যা বেড়ে ২৫ লাখে দাঁড়িয়েছে। বাড়ির মালিকদের পাশাপাশি ভাড়াটেরাও এ সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

নিউইয়র্ক সিটিতে দুই সদস্যের কোনো পরিবারের বার্ষিক আয় ১ লাখ ২৯ হাজার ৬০০ ডলারের কম হলে তারা কন এডিসন ও ন্যাশনাল গ্রিডের ইউটিলিটি বিল ছাড়ের জন্য যোগ্য হতে পারেন। চার সদস্যের পরিবারের ক্ষেত্রে আয়ের সীমা ১ লাখ ৬২ হাজার ডলার। লং আইল্যান্ডে এই সীমা কিছুটা বেশি হলেও অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় যোগ্যতার আয়সীমা তুলনামূলক কম।

ইউটিলিটি কোম্পানি ও পরিবারের আয়ের ওপর ভিত্তি করে ছাড়ের পরিমাণ ভিন্ন হবে। তবে বছরে সর্বোচ্চ ৫০০ ডলার পর্যন্ত বিল কমতে পারে। সুবিধা পেতে যোগ্য বাসিন্দাদের অবশ্যই আবেদন করতে হবে। যারা ইতোমধ্যে স্ন্যাপ, মেডিকেইডসহ বিভিন্ন সরকারি সুবিধা পাচ্ছেন, তারাও এই কর্মসূচির জন্য যোগ্য; তবে তাদেরও আলাদাভাবে আবেদন করতে হবে।

এদিকে, নিউইয়র্কে জ্বালানি ব্যয় কমাতে চলতি শরতে এককালীন ২০০ ডলারের ইউটিলিটি রিবেটও দেওয়া হবে। গভর্নর হোকুলের ঘোষণায়, অঙ্গরাজ্যজুড়ে প্রায় ৮২ লাখ পরিবার এই এককালীন রিবেটের আওতায় আসবে।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন