https://www.prothomalony.com/

18165

north-america

উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে কমিউনিটি ক্রিকেট ডে উদযাপনের আয়োজন

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:২৯

 প্রবাসী বাংলাদেশিসহ দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা এবং সামাজিক সম্প্রীতি আরও জোরদার করার লক্ষ্যে  ২০ সেপ্টেম্বর সকাল ১১টায় নিউ জার্সির কলোনিয়াল পার্কের নব হিল প্যাভিলিয়নে (Knob Hill Pavilion) অনুষ্ঠিত হতে যাচ্ছে বর্ণাঢ্য “কমিউনিটি ক্রিকেট ডে”।

যুক্তরাষ্ট্রের আমেরিকান ক্রিকেট ক্লাব (ACC) আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের মতে, এটি যেমন একটি ক্রিকেট প্রতিযোগিতা। তেমনি বিভিন্ন কমিউনিটির মানুষকে একত্রিত করার একটি মিলনমেলা।
এবারের টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার তিনটি রঙের প্রতিনিধিত্বকারী তিনটি দল অংশ নেবে। দলগুলো হলো নিউজার্সি টাইগার্স (সাদা জার্সি), নিউজার্সি গ্ল্যাডিয়েটরস (লাল জার্সি) এবং ইস্ট কোস্ট টাইটানস (নীল জার্সি)। তিনটি দল চ্যাম্পিয়নশিপের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে। আয়োজকদের ভাষায়, “তিন দল, তিন রঙ, কিন্তু একটাই চেতনা।”

অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন (USA Quincentennial Celebration 1776-2026)-এর অংশ হিসেবে বিশেষ তাৎপর্য বহন করছে। ক্রিকেটের পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকবে বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। যার মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মুখে রঙ আঁকা (ফেস পেইন্টিং), র‌্যাফেল ড্র, শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য নানা খেলা এবং বিভিন্ন খাবারের স্টল।
সাধারণ দর্শকদের জন্য প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি প্রাপ্তবয়স্ক ১৫ ডলার। ১৭ বছরের কম বয়সী শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

আয়োজকরা আশা করছেন, এই অনুষ্ঠান ক্রিকেটপ্রেমীদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে উঠবে এবং প্রবাসী কমিউনিটির মধ্যে পারস্পরিক বন্ধন আরও শক্তিশালী করবে।

উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন