https://www.prothomalony.com/
18157
north-america
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০৬
দুর্দান্ত প্রত্যাবর্তন ও অসাধারণ দলীয় পারফরম্যান্সের মাধ্যমে ডিএমভি স্পোর্টস ক্লাব আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেডের সমর্থিত ক্রিকেট দল বিসিএ ফিনিক্স।
মেরিল্যান্ডের বেল্টসভিলের ক্যালভার্টন নেবারহুড পার্কে ৫ ও ৬ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে বিসিএ ফিনিক্স, কাকরাইল বয়েজ ক্লাব, সিলভার রিভার স্ট্রাইকার্স, দেশি ডমিনেটরস ও একাত্তর একাদশ অংশ নেয়।

টুর্নামেন্টের প্রথম দিনে পরপর দুটি ম্যাচে হেরে কঠিন অবস্থায় পড়ে বিসিএ ফিনিক্স। তবে দ্বিতীয় দিনে আত্মবিশ্বাস ও দলীয় ঐক্যের মাধ্যমে ঘুরে দাঁড়িয়ে একের পর এক গুরুত্বপূর্ণ ম্যাচে জয় পায় দলটি। শেষ পর্যন্ত ফাইনালে শক্তিশালী সিলভার রিভার স্ট্রাইকার্সকে পরাজিত করে প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ শিরোপা নিশ্চিত করে বিসিএ ফিনিক্স।
বিসিএর সাধারণ সম্পাদক বিভাস রোজারিও বলেন, প্রথম দিনের দুই পরাজয়ের পরও খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও পারস্পরিক সহযোগিতা দলকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। তাঁর মতে, এই জয় শুধু একটি ট্রফি অর্জন নয়; বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর প্রমাণ।

বিসিএর ক্রীড়া সম্পাদক ববি রোজারিও বলেন, প্রথম দিনের পরাজয়ের পর দ্বিতীয় দিনে খেলোয়াড়দের দৃঢ় মনোবল ও আত্মবিশ্বাসই দলের সাফল্যের অন্যতম কারণ।
বিসিএ ফিনিক্সের গুরুত্বপূর্ণ বোলার কেনি পিউরিফিকেশন পাঁচ ম্যাচে ১৩টি উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হন। তিনি দলের সব খেলোয়াড়ের সম্মিলিত প্রচেষ্টাকে এই সাফল্যের মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
দলের অধিনায়ক সাইফুল বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং, বোলারদের কার্যকর বোলিং এবং ফিল্ডারদের দুর্দান্ত প্রচেষ্টাই দলকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করেছে।
ডিএমভি স্পোর্টস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্যাট্রিক গোমেজ বলেন, এ আয়োজন শুধু ক্রিকেট প্রতিযোগিতা নয়, ডিএমভি এলাকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটি মিলনমেলায় পরিণত হয়েছিল। খেলাধুলার মাধ্যমে বিভিন্ন দলের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্য আরও দৃঢ় হয়েছে।

বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ইনকরপোরেটেডের সভাপতি বিপুল এলিট গনছালভেস বিসিএ ফিনিক্সের ঐতিহাসিক সাফল্যে খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, ঐক্য, আত্মবিশ্বাস ও শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা থাকলে প্রতিকূলতাকে জয় করা সম্ভব।
প্রথম দিনের দুই পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জয়ের এই সাফল্য বিসিএ ফিনিক্সের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন