https://www.prothomalony.com/

18167

new-york

নিউইয়র্ক

নিউইয়র্কের স্কুলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, তিন দিনে ছুরিকাঘাত ও বন্দুক উদ্ধার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৯

নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক দিনের মধ্যেই নিউইয়র্ক নগরের স্কুলগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র তিন দিনের মধ্যে ব্রঙ্কসের একটি স্কুলের কাছে এক শিক্ষার্থী ছুরিকাঘাতে আহত হয়েছে। একই সময়ে কুইন্স ও স্টেটেন আইল্যান্ডের দুটি স্কুলে শিক্ষার্থীদের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

সোমবার ব্রঙ্কসের উইলিয়াম এইচ. টাফট উচ্চবিদ্যালয়ের বাইরে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থী হামলার শিকার হয়। পুলিশ জানিয়েছে, সকালে স্কুলে যাওয়ার সময় তাকে আক্রমণ করা হয়। আহত শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তার অবস্থা আশঙ্কামুক্ত।

এদিন স্টেটেন আইল্যান্ডের কার্টিস উচ্চবিদ্যালয়ে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর ব্যাগ থেকে একটি গুলিভর্তি পিস্তল উদ্ধার করা হয়। দুই শিক্ষার্থীর মারামারি থামানোর পর স্কুলের নিরাপত্তাকর্মীরা ব্যাগ তল্লাশি করে অস্ত্রটি পান। এ ঘটনায় কেউ আহত হয়নি এবং ওই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

একই দিনে কুইন্সের একটি স্কুলেও নিরাপত্তা তল্লাশির যন্ত্রের মাধ্যমে এক শিক্ষার্থীর ব্যাগে বন্দুক শনাক্ত হয়। এর আগে ৪ সেপ্টেম্বর শিপসহেড বে এলাকার একটি স্কুলেও এক কিশোরের ব্যাগে গুলিভর্তি বন্দুক পাওয়া যায়।

পরপর এসব ঘটনায় স্কুলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। স্কুল নিরাপত্তা জোটের প্রতিষ্ঠাতা মোনা ডেভিডস আরও বেশি তল্লাশি এবং স্কুলে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেছেন।

এদিকে, অভিভাবকদের দ্রুত নিরাপত্তা-সংক্রান্ত তথ্য জানাতে ১৫ সেপ্টেম্বর থেকে নতুন সতর্কবার্তা ব্যবস্থা চালু করেছে নিউইয়র্ক সিটি। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি দেখা দিলে সংশ্লিষ্ট স্কুল ও নেওয়া নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে নিবন্ধিত ব্যবহারকারীদের জানানো হবে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এই সতর্কবার্তা ব্যবস্থা স্কুলের নিজস্ব জরুরি ব্যবস্থাপনা বা পুলিশের সঙ্গে সমন্বয়ের বিকল্প নয়; এটি দ্রুত তথ্য পৌঁছে দেওয়ার অতিরিক্ত একটি ব্যবস্থা।

নিউইয়র্ক থেকে আরো পড়ুন