https://www.prothomalony.com/
18159
north-america
যুক্তরাষ্ট্রের মিশিগানে নবগঠিত মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির প্রথম পরিচিতি অনুষ্ঠান ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) মিশিগানের ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটির আহ্বায়ক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে সভায় সদস্য সচিব জনি দেব সঞ্চালনা করেন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের সক্রিয় করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় ‘চলো চলো নিউইয়র্ক চলো’ স্লোগানকে সামনে রেখে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ২৪ সেপ্টেম্বর নিউইয়র্ক সফর প্রতিহত করার কর্মসূচি নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনা অনুযায়ী এ কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়ে নেতাকর্মীরা মতামত দেন।
এ সময় মিশিগান থেকে নেতাকর্মীদের নিয়ে নিউইয়র্কে গিয়ে জাতিসংঘের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ। কর্মসূচি সফল করতে মিশিগান স্টেট স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের সংগঠিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ, সাজু আহমদ ও কাওসার আহমদ, সদস্য কবির আহমদ, নুরুর রহমান, আনোয়ার হোসেন লায়েক, আদনানুল হক, ইকবাল হোসেন ও তানভীর আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উত্তর আমেরিকা থেকে আরো পড়ুন